কোন তদারকি ছাড়াই চলছে উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয় নির্মাণ কাজ। ১০ লাখ টাকার বেশি খরচে নির্মাণাধীন এ প্রকল্পের কার্যলয়টির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
একটি বাড়ী একটি খামার সূত্র জানায়, উপজেলা সদরে একটি বাড়ী একটি খামার প্রকল্পের কার্যালয় স্থাপন করার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রথমে টিন শেড ঘর নির্মাণের জন্য বলা হলেও পরে অপর এক চিঠিতে পাকা ভবন নির্মাণ করার জন্য নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে টেন্ডার ছাড়াই কার্যালয় নির্মাণের জন্য বলা হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (দাঃপ্রাঃ) মনিরুজ্জামান জানান, কার্যালয় নির্মাণ করার আগে একটি চিঠি নিয়ে বিআরডিবির লোকজন তার কাছে আসছিল। পরে আর কোন খোঁজ তারা নেয়নি। একটি বাড়ী একটি খামার প্রকল্পের কার্যালয় নির্মাণের ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকা দেয়া হয়েছে। পাকা ভবন নির্মাণ করার কথা থাকলেও অর্থাভাবে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে না। আপাতত টিন সেট হাফ বিল্ডিংয়ের কার্যালয় নির্মাণ করা হবে। জুন মাস থেকে কার্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে।
একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহজাহান জানান, যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে তা দিয়ে কার্যালয় নির্মাণ কাজ শেষ করা যাবে না। তাই অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। কার্যালয় নির্মাণের পুরো বিষয়টি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। এ ব্যাপারে নির্বাহী অফিসার বনানী বিশ্বাসের সাথে মোবাইলে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।
