জেলার হাতীবান্ধা উপজেলায় গত সোমবার রাতে বাল্যবিয়ের অপরাধে বর শাহীদ ও বাবা জহুরুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মোখলেছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোলাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে রেখা খাতুনকে বিয়ে করার সময় পাটগ্রাম উপজেলার রসূলপুর গ্রামের বাসিন্দা শাহীদ ও তার বাবা জহুরুল ইসলামকে আটক করে ১০ দিনের জেল দেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শাহীদ ও তার বাবার বিরুদ্ধে বাল্যবিবাহ আইনে ৪ ও ৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
