বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা গত ৭ মাসে সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করেছে। এ সময়ের মধ্যে জেলার বিভিন্ন থানায় এক হাজার ৯৪২টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১৯ জন চোরাকারবারিকে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত গত ৭ মাসে সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করেছে। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ১৪ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮১৫ টাকার ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ২ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ২৩০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, বিদেশি মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট। এ সময়ের মধ্যে সীমান্ত দিয়ে আসা ৩ লাখ ৩ হাজার ৩শ’ গরু থেকে করিডোরের মাধ্যমে প্রায় ২৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তের চান্দুড়িয়া, হিজলদী, মাদরা, কাকডাঙ্গা, ভাদিয়ালী, ঝাউডাঙ্গা, তলুইগাছা, কুশখালি, বৈকারি, গাজীপুর, ঘোনা, লক্ষ্মীদাড়ি, ভোমরা, পদ্মশাকরা, শাকরা, কুলিয়া, পারুলিয়া, টাউন শ্রীপুর, দেবহাটা, বাগআঁচড়াসহ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক করা হয়। ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসার পথে আটক করা হয় উন্নতমানের শাড়ি, থ্রি-পিচ, থান কাপড়, শার্ট ও প্যান্ট পিচ, কসমেটিক্স, ক্রকারিজ, মাছ, জিরা, এলাচ, গরু, সার, কীটনাশক, ওষুধ, মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের পণ্য। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে আটক করা হয় সোনার গহনা, ইলিশ মাছ, পশুর চামড়া, রসুন, কুলের চারা, ঝালসহ বিভিন্ন পণ্য।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এটিএম আহসান হাবিব জানান, গত ৭ মাসে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ মাদকদ্রব্য আটক করা হয়েছে। সীমান্তের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিজিবি’র অভিযানে প্রতিদিনই কোনো না কোনো অবৈধ পণ্য আটক করা হচ্ছে। সীমান্ত পথে চোরাচালান রোধে বিজিবি সব সময় তত্পর রয়েছে।
