বেড়ার অপহূত চার ব্যবসায়ী ঢাকার উত্তরখানে অপহরণকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে আসে। তবে এর আগেই তাদের পরিবারবর্গ অপহরণকারীদের দাবি মোতাবেক ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ লাখ টাকা মুক্তিপণ প্রদান করেন।
জানা গেছে, বেড়া উপজেলার কাজিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম বকুল (৪০) ও শহিদুল ইসলাম (৩০) ১০ আগস্ট রাতে এবং আলম খান (৫৫) ও মজনু শেখ (৪৫) ১১ আগস্ট ব্যবসার কাজে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তারা গাবতলী নামার পরই অপহূত হন। ঐ রাতেই তাদের মোবাইল থেকে স্ব স্ব বাড়িতে ফোনে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা মুক্তিপণ করা হয়। এদের মধ্যে আলম খানের পরিবার তিন ধাপে মোট ১৫ লাখ, আশরাফুল ইসলাম বকুলের পরিবার ১০ লাখ ও মজনু শেখের পরিবার ১০ লাখ টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে অপহরণকারীদের অ্যাকাউন্টে জমা দেন।
উদ্ধার পাওয়া ব্যবসায়ীরা জানান, তাদের উত্তরখান এলাকার একটি বাড়িতে হাত-পা বেঁধে আটকে রাখা হয়। ১৩ আগস্ট ভোরে অপহরণকারীরা কক্ষে না থাকায় আলম খান নিজেকে বাঁধনমুক্ত করে ফেলেন এবং অন্যদেরও বাঁধনমুক্ত করেন।
পরে তারা কৌশলে বের হয়ে র্যাব অফিসে গিয়ে আশ্রয় নেন। এর আগেই অবশ্য তাদের পরিবারবর্গ উল্লে¬খিত পরিমাণ টাকা পরিশোধ করেন। উদ্ধার পাওয়া ব্যবসায়ীরা সোমবার দক্ষিণ খান থানায় মামলা দায়ের করেন। একই এলাকায় ৪ ব্যবসায়ী অপহরণ হওয়ায় বেড়ার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
