উপবৃত্তির টাকা কেটে রাখার অভিযোগ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৭
উপজেলার বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। স্কুলের অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে জানা গেছে, গত ১৪ জুলাই বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসার ও ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে এই টাকা বিতরণ করেন। বিতরণের সময় প্রধান শিক্ষক হরেন কুমারের নির্দেশে সমুদয় টাকা এক পিয়নের কাছে জমা রাখা হয়। সরকারি কর্মকর্তারা স্কুল থেকে চলে গেলে প্রধান শিক্ষক পুনরায় শিক্ষার্থীদের মধ্যে ঐ টাকা বিতরণ করেন। বিতরণের সময় তিনি মাথাপিছু কিছু টাকা কর্তন করে রাখেন। এ ব্যাপারে শিক্ষার্থীরা আপত্তি জানালে, প্রধান শিক্ষক পরবর্তীতে উপবৃত্তি থেকে নাম কেটে দেয়ার হুমকি দেন। এ বিষয় প্রধান শিক্ষক হরেন কুমার বলেন, উপবৃত্তির টাকা কেটে রাখার বিষয়টি সত্য। তবে ঐ টাকা স্কাউটে জমা করার জন্য কেটে রাখা হয়েছে।