সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৭
কোটালীপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উত্তরপাড় পল্লী সমাজের উদ্যোগে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার উত্তরপাড় তালুকদার বাড়ি চত্বরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় আমতলী ইউপি সদস্য কামরুল ইসলাম, পলি বেগম, উত্তরপাড় পল্লী সমাজের সভাপতি শামীমা বেগম,ক্যাশিয়ার নার্গিস বেগম, ব্র্যাকের কর্মসূচি সংগঠক আহাদউজ্জামান উপস্থিত ছিলেন। উখিয়ায় মিয়ানমারের অবৈধ পণ্য উদ্ধার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার ১৯ আগস্ট সকাল ১০টার দিকে কক্সবাজারগামী কয়েকটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকা মূল্যের পণ্য সামগ্রী উদ্ধার করেছে। বিজিবির সুবেদার ফজলুল হক জানান, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে আচার, হালুয়া, স্যান্ডেল, থামি ও নিম্নমানের কসমেটিকস সামগ্রী। বামনায় শস্য কর্তন অনুষ্ঠান বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় গতকাল মঙ্গলবার ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় পোটকাখালী গ্রামে শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম. এস. সাইফুল ইসলামের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড. মোঃ সফি উদ্দিন, ব্র্যাকের উপ-পরিচালক সালাহউদ্দিন ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান, কৃষক মোঃ ফারুক প্রমুখ। হোমনায় প্রতিমা প্রদর্শন ও পুরস্কার বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হিন্দু সম্প্রদায়ের মনসা পূজার দশমী উপলক্ষে গতকাল সোমবার রাতে হোমনা বাজারে প্রতিমা প্রদর্শন শেষে গতকাল মঙ্গলবার ভোরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা। পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়ের সভাপতিত্বে পুরস্কার প্রদানের লক্ষ্যে প্রদর্শিত প্রতিমাগুলোর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ২০ টি প্রতিমাকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় পূজা উদযাপন পরিষদ নেতা উত্পল কুমার ভৌমিক, অসিত লাল মেম্বার, সূর্য লাল সাহা, বিষ্ণু লাল সাহা, মন্টু সাহা, লিপন সাহা, দীলিপ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তাগাছায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের প্রতিবাদ দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ১৯৯২ সালে বিএনপি জোটের সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন, পার্টির মুক্তাগাছা শাখার সভাপতি ফকর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ডা. জিএস মঞ্জুরুল হক খোকন, জাসদ ইনু সভাপতি কাওসার আহমেদ, আক্কাস আলী মেম্বার প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে ৪ দিন ধরে বিদ্যুত্ নেই ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে ৪ দিন ধরে বিদ্যুত্ না থাকায় ব্যসায়ীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে শহরের প্রধান সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। ব্যবসায়ীরা জানায়, গত চারদিন ধরে টিএ রোডে বিদ্যুতের ট্রান্সফরমার অচল থাকে। কিন্তু চারদিনেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাই ক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। পরে বুধবারের মধ্যে ট্রান্সফরমার মেরামতের আশ্বাসে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে। রামগতিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেনকে পুলিশ গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে। সোমবার গভীর রাতে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পিপিএম জানান, তার বিরুদ্ধে রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা নৌ-ডাকাতি, গরু চুরি ও অপহরণের তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। দশমিনায় প্রতিবাদ সভা দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ সাংবাদিক পুলক চ্যাটার্জীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে দশমিনা প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এইচ.এম ফোরকানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিপুণ চন্দ্র, ইত্তেফাক সংবাদদাতা মিজানুর রহমান তিতাস, সংবাদ প্রতিনিধি আহাম্মেদ ইব্রাহিম অরবিল, সমকাল প্রতিনিধি রিপন কর্মকার, আমারদেশ প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম সোহাগ, ভোরের কাগজ বিপুল কর্মকার প্রমুখ। রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ রাজশাহী অফিস \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বুলবুল ও মিলনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। কসবায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে গেছে । গত সোমবার সন্ধ্যায় কসবা ও মন্দভাগ স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মোঃ জসিম উদ্দিন জানান, সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন অতিক্রম করে। ট্রেনটিতে ১৮টি বগি ছিল। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর পিছনের দিকের দু’টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়ে। মেরামত শেষে একঘন্টা পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। নবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ছেলের টর্চ লাইটের আঘাতে পিতা আজিজ খানের (৮৫) মৃত্যু হয়েছে। উপজেলার বারুয়াখালী ইউনিয়নের আর ঘোষাইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট ভোরে ছেলে মানুয়ার হোসেনকে (২৫) নামাজ পড়তে ডাকেন তার বাবা আজিজ খাঁন। এসময় সে ক্ষিপ্ত হয়ে তার ব্যবহূত টর্চ লাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে পিতা গুরুতর আহত হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অবনতি ঘটলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান। মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রকল্প মুকসুদপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মু.খায়রুজ্জামানের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত্ হোসেন মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ নজরুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সম্রাট সেরাও, এসআইপিসি সভাপতি আওলাদ আলী, মেধাবী শিক্ষার্থী গোলাম রসুল, প্রিয়া খানম প্রমুখ। মুন্সীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, চার অভিভাবকের জরিমানা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সদর উপজেলার চরকেওয়ারের শেরকান্দি গ্রামে বাল্যবিবাহ বন্ধ করে চার অভিভাবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতটির বিচারক সদর উপজেলার ইউএনও শারাবান তাহুরা জানান, শহরের সরকারি এভিজেএম উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী জেনি আক্তারের (১৪) সাথে সদরের চর মুক্তারপুরের প্রবাসী মো. রনির (৩৫) সাথে সোমবার বিকালে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। কিন্তু যেহেতু জেনির বিয়ের বয়স হয়নি তাই এই বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে কনের পিতা এবং বরের চাচাসহ চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শিবালয়ে চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, এলাকায় স্বস্তি শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সেলিম অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। নানা অপকর্মের হোতা সেলিম ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। জানা গেছে, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে টেপড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সেলিম ও তার সহযোগী রফিক, আশরাফুল, আজুমুদ্দিন আজু, শাহীনসহ অজ্ঞাত ২/৩ জন মোটা টাকা চাঁদা চেয়ে না পেয়ে প্রতিবেশী সহিমুদ্দিনের পুত্র ট্রাক চালক জুয়েল ও গরু ব্যবসায়ী আইয়ুবকে রড, পাইপ, হাতুড়ি, দা ইত্যাদি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে নগদ ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়। জুয়েলকে উথলী স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি ও থানায় মামলা হয়। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সেলিমকে টেপড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। মদনে প্রেসক্লাবের কমিটি গঠন মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবের সম্মেলন স্থানীয় এসকো নেটওয়ার্কের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোতাহার আলম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এসকো নেওয়ার্কের সভাপতি এ,টি,এম কামরুজ্জামান খান, ইউসুফ আলী তালুকদার, পরিতোষ দাস, আল মাহবোব আলম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. মোতাহার আলম চৌধুরীকে (সমকাল) সভাপতি ও ইউসুফ আলী তালুকদারকে (সংবাদ) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদে মদন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সামছুল আলম ভুঁইয়া, অর্থ সম্পাদক পরিতোষ দাস, যুগ্ম-সম্পাদক আল মাহবোব আলম, সদস্য মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, তোফাজ্জল হোসেন, সুদর্শন আচার্য্য, অলি উল্লাহ। মেহেরপুরে মটরযান বীমার মৃত্যু দাবির চেক হস্তান্তর মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে মটরযান বীমার মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কার্যালয়ে ওই মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ মেহেরপুর শাখার সিনিয়র ম্যানেজার মোঃ নূরুল ইসলাম কুষ্টিয়ার মীরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মরহুম কামরুল গাজীর পিতা আবু বক্কর গাজীর হাতে মৃত্যু দাবির ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় এ্যাকাউন্স অফিসার আবুল কালাম আজাদ, মিনিবাস মালিক শারমিন সুলতানার ভাই সিরাজুল ইসলাম সোনা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জ সদর থানায় গত সোমবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এ, এম কামরুল ইসলাম পি.পি.এম, ও এ,বি,এম হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোজাম্মেল হক তোজা, দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী খানসহ কমিউনিটি পুলিশ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।