ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে গতকাল মঙ্গলবার বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন। জানা যায়, ট্রান্সফরমার বিকল হয়ে গত ৪ দিন ধরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা বিদ্যুিবহীন থাকায় ওই এলাকার প্রায় এক হাজার গ্রাহক মানবেতর জীবন যাপন করছে। এরই প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সকালে টিএ রোডের ফকিরাপুল এলাকায় সড়ক অবরোধ করে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।
আশুগঞ্জে যাত্রী ছাউনি উচ্ছেদের প্রতিবাদে
মহাসড়ক অবরোধ
এদিকে গতকাল মঙ্গলবার আশুগঞ্জে যাত্রী ছাউনি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। লোকাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত খান জানান, অস্থায়ীভাবে গোলচত্বর এলাকায় দিগন্ত বাস কাউন্টারের যাত্রী ছাউনি ছিল। সেবার মান বাড়াতে মালিকরা যাত্রী ছাউনিটি ভালোভাবে নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে গতকাল ছাউনিটি উচ্ছেদ এবং ড্রাইভার হাসানকে মারধর করেন। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে। তবে উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘণ্টার পর অবরোধ তুলে নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর এপ্রোচ রোডের মধ্যে সড়ক ও জনপথের জায়গা অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এ যাত্রী ছাউনিটি উচ্ছেদ করা হয়েছে।
