কুমিল্লায় এক মাসে প্রায় পৌনে ৬ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত জুলাই মাসে জেলার বিভিন্ন স্থান থেকে এসব মাদক ও মালামাল উদ্ধার করা হয়। এ সময় ১৯১ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে গত জুলাই মাসে ৩ হাজার ৩৫৪টি অভিযান পরিচালনা করে। এ সময় ৫ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৫শ’ টাকার শাড়ী, থ্রি-পিস, মাদকদ্রব্য, ইয়াবাসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে ৪শ ৭৯টি এবং চোরাচালানের সাথে জড়িত একশ ৯১ জনকে আটক করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির (জেলা টাস্কফোর্স) সভায় এ তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ গোলামুর রহমান।
জানা যায়, জেলা পুলিশ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসামগ্রী জুন মাসের চেয়ে জুলাই মাসে বেশি উদ্ধার করলেও চোরাচালানে জড়িত আটককৃত ব্যক্তির সংখ্যা জুলাই মাসে কমেছে। পুলিশ জুন মাসে উদ্ধার করে ৪২ লাখ ৮২ হাজার ৯শ’ টাকার পণ্য এবং জুলাই মাসে এক কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২শ ৯০ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ পথে আসা পণ্যসামগ্রী।
বিজিবি-কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।
