উরুগুয়ে স্ট্রাইকার লুই সুয়ারেজ বার্সেলোনায় যোগদানের পর গত সোমবার মেক্সিকোর লিওনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে কাতালান ক্লাবটির ৬-০ গোলের জয়ের মধ্যেই প্রতীক্ষিত অভিষেক নিলেন। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত খেলাটিতে নেইমার দুই গোল দেন। তবে গোলের সূচনা করেন কাতালান ক্লাবটির মূল খেলোয়াড় লিওনেল মেসিই।
সুয়ারেজ অবশ্য অক্টোবরের আগে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারবেন না। কেননা ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় ইতালির বিপক্ষে উরুগুয়ের ১-০ গোলে জয়ী খেলাটিতে বিপক্ষের গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেয়ার অপরাধে তাকে সকল ফুটবলীয় কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করে ফিফা।
কিন্তু ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ আদালত সিএএস স্ট্রাইকারটিকে ফুটবল অনুশীলনে ফেরার এবং প্রীতি ম্যাচ খেলার অনুমতি দেয়। এ কারণেই খেলাটি শেষ হওয়ার ১৪ মিনিট আগে মাঠে নামেন তিনি। ২৭ বছরের খেলোয়াড়টি পরে টুইটারে লেখেন,‘আজ ছিল অবিস্মরণীয় দিন। আপনাদের ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’
বার্সেলোনা কোচ লুই এনরিখ লিভারপুল থেকে সাড়ে সাত কোটি পাউন্ডে স্পানিশ জায়ান্টদের সাথে যোগ দেয়া সুয়ারেজকে ৭৫ মিনিটের সময় মাঠে নামান। তাকে নয় নম্বর জার্সিটি দেয়া হয়। তার মাঠে নামাটাকে বার্সেলোনা সমর্থকরা বিপুল করতালিতে ভাসিয়ে দেন। তিনিও সংক্ষিপ্ত সময়ের আবির্ভাবে পায়ের দারুণ কিছু ছোঁয়া দেখিয়ে দর্শকদের তৃপ্তি দেন। খেলাটি দেখতে এদিন ন্যু ক্যাম্পে ৭২ হাজার দর্শক এসেছিলেন। এদের মূল আকর্ষণ ছিল সুয়ারেজই।
কাতালান সমর্থকদের অবশ্য তার খেলা পুরোপুরি দেখতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ধারণা করা হচ্ছে ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠে এল ক্লাসিকোর মধ্য দিয়েই পেশাদার খেলায় ফিরবেন।
এদিকে মাঠের খেলায় কোচ এনরিখের দল লিওনকে অনায়াসে হারিয়ে হোয়ান গ্যাম্পার কাপটি জিতে নেয়। মেসিই দলের হয়ে দ্বিতীয় মিনিটে গোলের সূচনা করেন। ব্রাজিলীয় নেইমার বিরতির আগে দুই দফায় গোল দিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন দলকে। কিশোর স্ট্রাইকার মুনির এল হাদ্দাদিও জোড়া গোল করেন এদিন। দুই মিনিট আগে শেষ গোলটি আসে ১৯ বছরের সান্ড্রোর কাছ থেকে।
নেইমার ও মেসি বিশ্বকাপের পর এই প্রথম আবার একসাথে খেললেন। বিশ্বকাপে মেসির দল ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। অপরদিকে নেইমার খেলতে গিয়ে বিপক্ষের খেলোয়াড়ের আঘাতের কারণে পিঠের কশেরুকায় মারাত্মক ভাবে আঘাত পান।
মেসির সূচনাকারী গোলটি আসে নেইমারের জোগান থেকে। তার বাঁকানো ক্রসে মেসি গোলটি করেন। নেইমারের প্রথম গোলটি আসে আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল থেকে। বিরতির দুই মিনিট আগে নেইমারের দ্বিতীয় গোলটি আসে ফাঁকা পোস্টে করা এক ব্যাক হিল থেকে। মুনির নেইমারের পরিবর্তে মাঠে এসে আরো দুই গোল দেন।
মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা খেলাটির পর জানান গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষ সেরা খেলোয়াড়টির মেসি ও নেইমারের সাথে আক্রমণভাগে খেলতে কোন সমস্যা হবে না। তিনি বলেন,‘কেউ যখন অন্য ক্লাব থেকে আসে সেসময় ব্যাপারটা অত সহজ থাকে না। তবে আমি আগেও যেমনটা বলেছি, আমি মনে করি সে খুবই ভাল একটা পরিবেশ পাবে ড্রেসিং রুমে। আমি এও মনে করি সে ভালভাবেই খাপ খাইয়ে নেবে। কারণ সবকিছুর উপরে হলো তার মেধা।’
এতকিছুর পরও সুয়ারেজকে নিয়ে সমস্যা হলো তার অতীত। কেননা ইতোপূর্বে আরো দুইবার প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল।
উল্লেখ্য এলচের বিরুদ্ধে ২৪ আগস্টের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সেলোনার লা লিগা মৌসুম। এএফপি/বিবিসিস্পোর্ট
