শাস্ত্রী শরণে ভারত

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৪৫
ব্যর্থতার বোঝাটা ক্রমেই অসহ্য হয়ে উঠছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। সে জন্যই কি না দলের কোচিং স্টাফদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বোর্ড অব ক্রিকেট কনট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর সেই ভাবনার প্রমাণ মিললো সংস্থাটির দেয়া সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে। ইংলিশদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ক্রিকেট পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক রবী শাস্ত্রী। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেটারদের অসহায় আত্মসমর্পণের জের ধরে গোটা দেশজুড়েই চলছে তোলপাড়। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর কোচ ডানকান ফ্লেচারের দিকেও আঙ্গুল তুলছেন সাবেক ক্রিকেটাররা। বোর্ডও ঠিক এই কোচের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। তাই কমে এসেছে তার ক্ষমতা। সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন নতুন নিযুক্ত রবী শাস্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিসিআইয়ের কর্মকর্তাদের গত কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলের সাথে থাকবেন সাবেক অধিনায়ক রবী শাস্ত্রী। প্রধান কোচের দায়িত্বে ডানকান ফ্লেচারই থাকছেন। তবে দলের ক্রিকেট বিষয়ক সার্বিক দায়ভার থাকছে শাস্ত্রীর কাঁধে।’ এছাড়া বাকি কোচিং স্টাফদের মধ্যেও এসেছে বড় একটা পরিবর্তন। ফিল্ডিং কোচ ট্রেভর পেনি ও বোলিং কোচ জো ডায়েসকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সাবেক অল রাউন্ডার সঞ্জয় ব্যাঙ্গার ও সাবেক পেসার ভারত অরুণকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর বাদে হায়দ্রাবাদের সাবেক বাম হাতি লেগ স্পিনার রামকৃষ্ণান শ্রীধরকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা যে রবী শাস্ত্রীর হাতেই আসছে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। এই প্রসঙ্গে বোর্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় প্যাটেল বলেন, ‘এই দলটা এখন রবী শাস্ত্রীর। এখন দলটা তার সন্তানের মত। তিনিই এর দেখভাল করবেন।’ রবী শাস্ত্রীর জন্য এ ধরনের দায়িত্ব যদিও নতুন কোন অভিজ্ঞতা নয়। এর আগেও সংকটের মুহূর্তে তাকে ডেকে পাঠিয়েছে বিসিসিআই। সর্বশেষ ২০০৭ সালের বিশ্বকাপ থেকে আগে-ভাগেই ঝরে পড়া এবং কোচ ইয়ান চ্যাপেলের পদত্যাগের জের ধরে বাংলাদেশ সফরে তাকে দলের ক্রিকেট ম্যানেজার করে পাঠানো হয়। রবী শাস্ত্রীর পূর্ব অভিজ্ঞতা এবারও ভারতীয় দলের জন্য সুফল বয়ে আনবে বলেই মনে করছে বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘একজন ভারতীয় লোক ফ্লেচারের সাথে এক জোট হয়ে কাজ করাটা দলের জন্য সাফল্যই নিয়ে আসবে। এই সিরিজের পরে সামনের সফরগুলোতেও এটা দারুণ এক ব্যাপার হতে পারে।’