এশিয়াড প্রস্তুতি ম্যাচ

থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে দল আনার চেষ্টায় বাফুফে

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৪৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান গেমসগামী ফুটবল দলের প্রস্তুতি জোরদারে আরো প্রস্তুতি ম্যাচ খেলতে মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে দল আনার চেষ্টা চালাচ্ছে। বাফুফের একজন কর্মকর্তা জানান ইতোমধ্য তারা উভয় দেশের ফেডারেশনকে অনুরোধ করে ইমেইল করেছেন। ইতিমধ্যে এশিয়াডগামী নেপাল দলের বাংলাদেশে এসে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে। ২৬ আগস্ট ঢাকার আর্মি স্টেডিয়াম ও ২৯ আগস্ট সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, আপাতত তারা নেপাল দলকে ঢাকায় আনার ভিসা ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছেন। এরপর মালয়েশিয়া ও থাইল্যান্ডকে আনার জন্য জোরালো চেষ্টা চালাবেন। আগামী সপ্তাহের মাঝামাঝি দেশ দুটি থেকে দল আসার ব্যাপারটি নিশ্চিত করতে পারবেন বলে জানান বাফুফের এই কর্মকর্তা।