মালয়েশিয়ায় ফ্লাইওভার দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২২:৪৯
মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের খুলেপড়া স্প্যানের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি মারা গেছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকরা হলেন- মোহাম্মদ এলাহী হোসেন, মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এমআরটি কনস্ট্রাকশন সাইটের ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার গভীর রাতে প্রথম এলাহী হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর গতকাল দুপুর ১-৫২ মিনিটে ফারুক খান এবং এর ৭ মিনিট পর আলাউদ্দিন মল্লিকের লাশ উদ্ধার করে মালয়েশিয়ার ফায়ার এন্ড রেসকিউ বিভাগের সদস্যরা। সেলানগড় ফায়ার এন্ড রেসকিউ বিভাগের উদ্ধার অভিযানের সহকারী পরিচালক মোহাম্মদ সানি হারুল বলেন, ১২ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার তত্পরতা চলার পর ধংসস্তূপের নিচ থেকে পরের দুইজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সানগাই বুলো হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন এমআরটির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ইরা আজহার আবদুল হামিদ। তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ‘দ্য স্টার’ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নাজিব রাজাক এমআরটি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে পূর্ণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।