বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক সামিট পাওয়ার লিমিটেড নামক বেসরকারি কোম্পানির সাথে ফার্নেস অয়েল আমদানি করার অনুমতি সংক্রান্ত চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন। সভায় অবিলম্বে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি করার অনুমতি বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
গত সোমবার সন্ধ্যায় সংগঠনের জরুরি সভায় নেতারা বলেন, বিপিসি’র আওতাধীন ৩টি বিপণন কোম্পানি সারাদেশে অত্যন্ত দক্ষতার সাথে জ্বালানি তেল, বিশেষভাবে ফার্নেস অয়েল চাহিদা মত সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করে আসছে এবং এক্ষেত্রে কোম্পানিসমূহ ইতিমধ্যে কোটি টাকা বিনিয়োগ করেছে। জ্বালানি তেল আমদানি ও বিতরণ ব্যবসা ব্যক্তি মালিকদের হাতে ছেড়ে দেয়া হলে কোম্পানিসমূহ অসম প্রতিযোগিতার কারণে আর টিকে থাকতে পারবে না। সরকার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। জ্বালানি তেলের আমদানি ও বিতরণ বেসরকারি খাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
সভায় বক্তব্য রাখেন বিপিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুল হক ভুঁইয়া, যমুনা অয়েল কোম্পানির সিবিএ’র সাধারণ সম্পাদক মো. এয়াকুব, মেঘনা কোম্পানির সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ শাহ ও সাদিকুর রহমান, পদ্মা অয়েল কোম্পানির সিবিএ’র সভাপতি মো. মমতাজুল ইসলাম, ইস্টার্ন রিফাইনারি লিঃ সিবিএ’র সাধারণ সম্পাদক মো. এয়াকুব, এল.পি.জিএল সিবিএ’র সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ও এসএওসিএল সিবিএ’র নেতা মুকুল দাস প্রমুখ।
