বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পংকজ শরণ বলেছেন, বাংলাদেশের সাথে আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের বৃহত্তর ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চাই। গত কয়েক দশক ধরে এ সম্পর্কে কিছুটা ভাটা পড়লেও আমরা আবারও সেটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।
সিলেটে মেঘালয় হর্টিকালচার এন্ড হ্যান্ডলোম প্রোডাক্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো আয়োজিত মেঘালয়ের ‘বায়ার-সেলার মিট অন মেঘালয়া হর্টিকালচার ও হেন্ড লোম প্রডাক্ট’ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে হাই কমিশনার এ কথা বলেন।
নগরীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সোমনাথ হালদার, সিলেট কাস্টমসের কমিশনার ড.নূরুজ্জামান।
সূচনা বক্তব্য রাখেন-মেঘালয় রাজ্য সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি পচিস্টার কারকংগার। ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের সাথে ভারতের যদিও বাণিজ্য ঘাটতি রয়েছে তবে সেই অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, দু’ দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ২৪ আগস্ট ঢাকায় মিটিং হওয়ার কথা রয়েছে দু’ দেশের চেম্বারের উদ্যোগে। সেই মিটিং-এ বিস্তারিত আলোচনা হবে।
