সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের ব্যাপারে নতুন উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার। অতি সমপ্রতি জনশক্তি মন্ত্রী ট্যান চুয়ান জিন সংসদে বলেন, স্বল্প আয়ের শ্রমিকদের উপর কোম্পানির নির্ভরতা কমাতে সাহায্য করার জন্য শ্রমিকদের প্রোফাইল তৈরি এবং আবাসস্থল ও বিনোদনের সুব্যবস্থা উন্নতকরণের পদক্ষেপ নেয়া হবে।
গত বছরের ৩০ ডিসেম্বর লিটল ইন্ডিয়া এলাকায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির রিপোর্ট সম্প্রতি সিঙ্গাপুর পার্লামেন্টে প্রকাশ করা হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের শ্রমিক অসন্তোষের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে অভিবাসী শ্রমিকদের বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের প্রবৃদ্ধির হার আগের তুলনায় অনেক কমে গেছে। এটা অভিবাসী শ্রমিক আনার ক্ষেত্রে কঠোরতা আরোপ, উচ্চমানের উত্পাদনশীলতা ও জনবল নিষ্ফলনীতি গ্রহণের কারণে হয়েছে বলে তিনি সংসদে জানান। তিনি আরও বলেন, আমরা উত্পাদনশীলতার উন্নয়নের ওপর অধিক জোর দিচ্ছি। ইতিমধ্যেই স্বল্প আয়ের শ্রমিকদের উপরে নির্ভরতা কমাতে অভিবাসী শ্রমিকদের মানসম্পন্ন প্রোফাইল তৈরির কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে ১১ লাখ ৫৬ হাজার অভিবাসী শ্রমিক রয়েছে। তন্মধ্যে ১ লাখ ২৩ হাজার বাংলাদেশি শ্রমিক।
