বরিশালে ভাইসারজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৮
জেলার সর্বত্র বৈরি আবহাওয়ায় আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে ভাইরাসজনিত জ্বর, সর্দি ও কাশি। গত ৩ দিনে এ রোগে আক্রান্ত হয়ে নগরীর সদর হাসপাতাল ও শেরে বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) অর্ধশত রোগী ভর্তি হয়েছেন। জেলার দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও খোঁজ নিয়ে এ রোগের প্রাদুর্ভাবের তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সকালে শেবাচিমে চিকিত্সা নিতে আসা নগরীর ভাটিখানা এলাকার নাসিমা বেগম জানান, তার দেড় বছরের শিশুপুত্র তামিম দু’দিন পূর্বে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়। কাশিপুর থেকে আসা আব্দুর রহিম জানান, একই রোগে আক্রান্ত হলে তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে তিনি হাসপাতালে ভর্তি করেছেন। সদর হাসপাতালের চিকিত্সক ডা. মাহাবুব আলম জানান, গত তিনদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের রোগীরা হাসপাতালে আসছে। তাদের কাউকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। আবার বেশি আক্রান্তদের ভর্তি করা হচ্ছে। তিনি আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শেবাচিমে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক ডা. কানিজ ফাতেমা জানান, রোগীর জ্বর, ঠাণ্ডা, কাশি ও সর্দি অনেক সময় মারাত্মক রূপ ধারণ করে। ফলে এসব আক্রান্ত রোগীকে তিনি তাত্ক্ষণিক চিকিত্সকদের কাছে নেয়ার পরামর্শ দিয়েছেন।