রিয়ালকে আটকে দিল অ্যাটলেটিকো

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২২:১৩
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেকটা ভালই হতে যাচ্ছিল রিয়াল মাদ্রিদের নতুন তারকা জেমস হামেস রড্রিগেজের। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে গত মঙ্গলবার রাতে প্রথমে গোল করে স্বাগতিকদের এগিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ বাঁশির দুই মিনিট আগে প্রতিপক্ষ অ্যাটলেটিকোর রাউল গার্সিয়া গোল করে তার স্বপ্নময় অভিষেককে মলিন করে দেন। শেষ পর্যন্ত খেলাটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। বিপক্ষের মাঠে দেয়া এই গোলের ফলে শুক্রবার ফিরতি লেগে নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালডেরনে সুবিধাজনক অবস্থানে থাকছে অ্যাটলেটিকো। আশ্চর্যজনকভাবে ম্যাচটিতে রিয়ালের শুরুর একাদশে দেখা যায়নি রড্রিগেজকে। তবে প্রথমার্ধে উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো পেশীর ইনজুরিতে পড়লে তার পরিবর্তে মাঠে নামেন এই কলম্বিয়ান। খেলা শেষ হওয়ার প্রায় ২০ মিনিট আগে রিয়ালের হয়ে প্রথম গোল উপহার দেন ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী এই ফুটবলার। এদিকে, রোনালদোর ইনজুরি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। চোট তেমন গুরুতর নয় এবং এ জন্য রোনালদোকে খুব বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে না বলে জানান তিনি, ‘প্রথমার্ধের খেলা শেষে সে মাংসপেশীতে টান পেয়েছিল এবং ভাল অনুভব করছিল না। আগামীকাল তার ইনজুরি পরিস্থিতি মূল্যায়ন করা হবে এবং সবগুলো পরীক্ষা করা হবে। যদিও তার চোট জটিল কিছু মনে হয়নি।’ এই লড়াইটির মধ্যদিয়ে আবারো অ্যাটলেটিকোর কঠিন রক্ষণভাগের পরিচয় পাওয়া গেল, যা ভাঙ্গা খুবই কষ্টকর ছিল রিয়ালের জন্য। এরপরও শুক্রবার দ্বিতীয় লেগের লড়াইয়ে একইরকম পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার ব্যাপারে আত্মবিশ্বাসী আনচেলত্তি, যা তার দলকে বিজয়ী হিসেবে তুলে ধরবে। রিয়াল কোচ বলেন, ‘অ্যাটলেটিকোর কিছুটা সুবিধা থাকছে, কেননা ক্যালডেরনে আমাদের গোল করতেই হবে। ক্যালডেরনে গোল করার শক্তি আমাদের আছে এবং আমরা তা করতে চেষ্টা করবো। মঙ্গলবার যেমনটা খেলেছি এর পুনরাবৃত্তি করতে পারলে আমরা সুপার কাপ জিততে পারবো।’ রিয়ালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে শীষ্যদের প্রশংসা করলেন, অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। সেই সঙ্গে প্রতিপক্ষের প্লে-মেকার অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরু থেকে না খেলিয়ে ম্যাচের শেষদিকে খেলানোয় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শেষে সিমিওনে বলেন, ‘প্রথমার্ধে রক্ষণভাগে বেশি নজর দেয়া সত্ত্বেও আমরা তিন থেকে চারটি গোলের সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধটাও এমনই ছিল। তবে এই সময়ে ডি মারিয়া নামায় রিয়াল আমাদের চেয়ে কিছুটা ভাল খেলেছে। এটা যৌক্তিক ছিল। কারণ তাদের খেলোয়াড়ের মধ্যে ডি মারিয়াই সেরা। এটা খুবই গুরুত্বপূর্ণ ড্র। এর ফলে আমরা ট্রফি জয়ের জন্য নিজেদের মাঠে ফিফটি-ফিফটি সম্ভাবনা নিয়ে খেলতে পারবো।’ প্রথমার্ধে রড্রিগেজ ও ডি মারিয়া বেঞ্চে বসে থাকলেও এই সময়টায় শক্তিশালী অ্যাটলেটিকোর বিপক্ষে আনচেলত্তির দল আক্রমণভাগে বেশ দাপট দেখিয়েছে। যদিও প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি রিয়ালের তারা। এই সময়ে অধিকতর ভাল সুযোগ পেয়েছে অ্যাটলেটিকো। ম্যারিও মানজুকিচ এবং সাওল নিগেজের দু’টি দুর্দান্ত সুযোগ ইকার ক্যাসিয়াস আটকে না দিলে বিপদ হতে পারতো রিয়ালের। ইনজুরিগ্রস্ত রোনালদোর পরিবর্তে রড্রিগেজ নামার পরপরই বড় একটি আক্রমণে যায় রিয়াল। এ সময় গ্যারেথ বেলের বাম পায়ের দুর্দান্ত একটি প্রচেষ্টা দক্ষতার সঙ্গে আটকে দেন অ্যাটলেটিকোর হয়ে অভিষেক হওয়া গোলরক্ষক মিগুয়েল ময়া। জয়ের জন্য আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। খেলার ৮১ মিনেটে রড্রিগেজের একটি প্রচেষ্টা অ্যাটলেটিকো ডিফেন্ডার ক্রিশ্চিয়ান অ্যানসালদি রুখে দিতে ব্যর্থ হলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সর্বোচ্চটা দিয়ে আক্রমণে যায় লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। কোকের কর্নার ধরে সমতা ফেরান ফরোয়ার্ড গার্সিয়া। এমন অবস্থায় স্প্যানিশ সুপার কাপ জিততে হলে ক্যালডেরনে শুক্রবার কমপক্ষে একটি গোল করতে হবে গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জেতা রিয়ালকে। তা না হলে মৌসুমে ছয় শিরোপা জয়ের লক্ষ্য থেকে ছিটকে যেতে হবে সান্তিয়াগো বার্নাব্যুকে।—এএফপি