আর্সেনাল গত মঙ্গলবার রাতে ইস্তাম্বুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে বেসিকটাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে টানা ১৭ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার টিকিট নিশ্চিত করতে ফিরতি লেগের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আর্সেনালকে।
এ খেলায় লাল কার্ড পান ইংলিশ ক্লাবটির অ্যারন রামজি। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে এই শাস্তি দেয়া হয় মিডফিল্ডারটিকে। ক্লাব ক্যারিয়ারে এই প্রথম রামজি এ ধরনের শাস্তি পেলেন। এর ফলে ২৭ আগস্ট ফিরতি লেগে এমিরেটস স্টেডিয়ামে খেলতে পারছেন না আর্সেনালের এই খেলোয়াড়। তুরস্কের ইননু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দু’দলই মাঝে-মধ্যে আক্রমণ চালায়। জয়ের সম্ভাবনা ছিল দু’দলেরই। নিজেদের মাঠে দারুণ খেলেছে বেসিকটাস। খেলার শুরু থেকে শেষ পর্যন্তই চাপে রেখেছে সফরকারীদের। তাই রক্ষণভাগ ফাঁকা রেখে আক্রমণে যাওয়ার খুব বেশি সাহস দেখায়নি কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। স্বাগতিকদের ঝটিকা আক্রমণ বেশ ক’বারই ভয় পাইয়ে দিয়েছিল আর্সেনালকে। বল গড়ানোর সঙ্গে সঙ্গেই অসাধারণ একটা সুযোগ তৈরি করেছিলেন বেসিকটাসের সেনেগালের ফরোয়ার্ড ডেম্বা বা। অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি তিনি। খেলার প্রথম মিনিটেই তার দুর্দান্ত শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। প্রকৃত অর্থে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি বেসিকটাস ও আর্সেনাল। তবে খেলার ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রামজি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
রামজিকে লাল কার্ড দেয়ায় খেলা শেষে রেফারির সমালোচনা করেছেন আর্সেনালের কোচ ওয়েঙ্গার, ‘প্রথম বা দ্বিতীয় হলুদ কার্ড কোনোটাই যুক্তিসঙ্গত ছিল না। যে ফাউলগুলো হয়েছে, সেগুলো দেখলেই এটা বুঝা যায়। এটা অবিশ্বাস্য।’ সার্বিয়ান রেফারি মিলোর্যাড ম্যাজিকের সমালোচনা করে আর্সেনাল কোচ আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধে রেফারির পারফরম্যান্স অনেক বাজে ছিল। এ সময় রামজিকে দ্বিতীয় হলুদ কার্ড দেয়া হয়। কিভাবে এ শাস্তিটি দিল আমি তা বুঝতে পারছি না। এটা অনেক বড় একটি সিদ্ধান্ত ছিল।’ লাল কার্ড পাওয়ায় টুইট বার্তায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন রামজিও, ‘লাল কার্ড পাওয়ায় আমি দুঃখিত।’
ওয়েঙ্গার ম্যাচটিকে অনেক কঠিন ছিল উল্লেখ করে বলেন, ‘এটা কঠিন একটি লড়াই ছিল। বেসিকটাস শতভাগ দিয়েই খেলেছে। আমরা সবসময় চেয়েছি ম্যাচটি জিততে। বেসিকটাসও জিততে পারতো। এমন ম্যাচে ড্রটাই ভাল ফল হতে পারে। কেননা দু’দলেরই জয়ের ভাল সুযোগ ছিল। আমরা জানি দ্বিতীয় লেগের লড়াইটা নিশ্চিতভাবে অনেক কঠিন হবে। তবে ম্যাচটা আমাদের নিজেদের মাঠে হবে। উদ্দেশ্য পরিষ্কার, আমরা জিততে চাইবো।’ একই রাতে বায়ার লিভারকুসেন ৩-২ গোলে কোপেনহেগেনকে হারিয়েছে এবং নাপোলি ও অ্যাটলেটিক বিলবাওয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।—বিসিবি/সকারওয়ে
