ওআসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতকে কঠিন অবস্থা মোকাবিলা করতে হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ান পেস কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। চলমান ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের চরম ব্যর্থতার পর এমন মন্তব্য করেন ম্যাকগ্রা।
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে ম্যাকগ্রা বলেন, ‘আমি মনে করছি অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের জন্য অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। সর্বশেষ দুই দল ভারতের মাটিতে মুখোমুখি হয়েছিল এবং আমরা ০-৪ ব্যবধানে হেরেছিলাম। কিন্তু তারপর আমরা অনেক দূর এগিয়েছি।’
ভারতের মাটিতে হারের পর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা অস্ট্রেলিয়া মানসিক এবং শারীরিকভাবে অনেক দূর এগিয়েছে জানিয়ে ম্যাকগ্রা আরো বলেন, ‘গত অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়া এই ইংল্যান্ড দলকেই ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। সুতরাং ভারতীয় দলকে সেই অস্ট্রেলিয়ায় খেলাটা কতটা কঠিন হবে যে কোন ব্যক্তি সহজেই তা অনুমান করতে পারে’—উল্লেখ করেন ম্যাকগ্রা।
ইংল্যান্ডে টেস্ট সিরিজে বিপর্যয় সম্পর্কে ম্যাকগ্রা বলেন, ‘বর্তমান ভারতীয় দলটির কঠোর পরিশ্রম করা দরকার। আমি মনে করছি না দলটিতে কোন একক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। সুতরাং তাদের মূল বিষয়টি চিহ্নিত করা দরকার।’
ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা তুলনামূলক ভালো করছেন বলেও জানিয়েছেন তিনি, ‘যদিও বোলাররা বেশ ভাল করেছে কিন্তু ফিল্ডিং পুরোপুরি ব্যর্থ হয়েছে। আপনি অনেক ক্যাচ মিস করবেন তারপরও প্রতিপক্ষকে চাপে ফেলবেন—এমনটা আপনি চিন্তা করতে পারেন না। বোলাররা অনেক সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু তারপরও কোন ফল না পাওয়ায় তাদের মধ্যে হতাশা আসে এবং সর্বোপরি ব্যাটিং লাইন পুরোপুরি ব্যর্থ হয়েছে, যার ফলে অন্য খেলোয়াড়রাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’—বাসস
