শীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় তিন তরুণ। বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে চালু করা হয়েছে ‘মানবতার তরে’ নামে একটি দেয়াল। যে দেয়ালের একপাশে বিত্তবানেরা তাদের অব্যবহূত কাপড় রেখে যেতে পারবেন, অন্য পাশ থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে যেতে পারবেন দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা।
গত সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন। তরুণ শিক্ষক তারেক আহমদ, বিদ্যুত্ কর্মী মাইনুল ইসলাম ও শিক্ষার্থী সাব্বির আহমদ এ উদ্যোগ নিয়েছেন। তাদের এ উদ্যোগে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্থানীয় ব্যবসায়ি ওলি আহমদ, আসাদ আহমদ প্রমুখ। উদ্বোধনের পর থেকে এখানে জমা হয়েছে অন্তত ২০০ কাপড়। বিতরণ করা হয়েছে প্রায় শতাধিক।
উদ্যোক্তারা জানিয়েছেন, স্টিলের কাঠামোর তৈরি উভয়দিক থেকে দৃশ্যমান বোর্ড/দেয়ালে স্থাপন করা হ্যাঙারে বিত্তবানরা তাদের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছেন এবং পরবর্তীতে সেখান থেকে সুবিধাবঞ্চিত মানুষ নিজেরাই তাদের জন্য প্রয়োজনমতো কাপড় পছন্দ করে নিয়ে যাচ্ছেন। এতে উদ্যোক্তাদের নিজস্ব কোনো লোক সার্বক্ষণিকভাবে নিয়োজিত নেই। তিন তরুণের একজন শিক্ষক তারেক আহমদ বলেন, ‘আমরা বিত্তবানদের ফেলে দেওয়া ওই কাপড়গুলো সংগ্রহের উদ্যোগ নিয়েছি। শুরুতেই আমরা ভালো সাড়া পেয়েছি।’
পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন বলেন, ‘তারা একটি মহত্ উদ্যোগ নিয়েছে। এটা অনেক মানুষকে নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। বড়লেখায় আরো কয়েকটি স্থানে এরকম দেয়াল করার উদ্যোগ নেব আমরা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ বলেন, ‘তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানাই। শীতে অনেক দরিদ্র মানুষ শীতবস্ত্র কিনতে পারেন না। সুবিধাবঞ্চিত শিশুসহ নারী-পুরুষেরা কষ্ট পান। তাদের এ দুর্ভোগ লাগবে এ উদ্যোগ প্রশংসনীয়। আমি তাদেরকে ধন্যবান জানাই। এছাড়া বিত্তবানদেরও এই ‘মানবতার তরে...’ নামক দেয়ালে শীতবস্ত্র দিয়ে সহায়তার আহ্বান জানাই। তাহলে আসন্ন শীতে গরিব লোকজনকে ততটা কষ্টে পড়তে হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করা হবে।’
