সমাবেশ করতে পারেননি তোবার শ্রমিকরা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:২২
কারখানা বন্ধের প্রতিবাদে ও শ্রমিকদের পাওনা দেয়ার দাবিতে গতকাল বুধবার রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের শ্রমিকদের পূর্বঘোষিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। এ সময় তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুকে পুলিশ আটক করলেও গত রাত আটটায় তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান গতরাতে ইত্তেফাককে বলেন, মোশরেফা মিশুকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার পর ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বাড্ডার লিংক রোডে শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। মিছিল শুরু করার আগ মুহূর্তে বাড্ডা থানা পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় মোশরেফা মিশু ও ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম-আহ্বায়ক জেসমিন জুঁইকে আটক করে নিয়ে যায়। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে মোশরেফা মিশু বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে আফতাবনগর যাওয়ার লক্ষ্যে বাড্ডার লিংক রোডে জমায়েত হচ্ছিল শ্রমিকরা; কিন্তু বাড্ডা থানার ওসি এম এ জলিলের নেতৃত্বে পুলিশ আমাদের উপর হামলা করে। এ সময় এম এ জলিল আমাকে গালাগাল করে টেনে-হিঁচড়ে গাড়িতে উঠায়। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, মিছিল-সমাবেশ করা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। শ্রমিকরা যখন অনশন করে তখন সরকার খবর নেয় না। অন্যদিকে সমাবেশে বাধা দিয়ে তাদের অধিকারও লঙ্ঘন করা হচ্ছে। গত সোমবার তোবার ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেয় কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গতকাল এই সমাবেশের আয়োজন করা হয়। এদিকে শ্রমিকদের সমাবেশ করতে না দেয়া ও মোশরেফা মিশুকে আটকের প্রতিবাদে গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। এ সময় কারখানা চালু রাখার পাশপাশি শ্রমিকদের বকেয়া বোনাস দেয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে কারখানা বন্ধ করতে হলে আইন অনযায়ী সব ধরনের পাওনা বুঝিয়ে দেয়ারও দাবি জানানো হয়।