গল্প নয় সত্যি

এক মোটরসাইক্লিস্টের কীর্তি

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৯:০১
বাস্তব যে কখনো কখনো রূপালি পর্দার দৃশ্যকেও ছাড়িয়ে যেতে পারে সেটাই যেন নতুন করে আরও একবার সবাইকে জানিয়ে দিলেন বেলারুশের এক মোটরসাইক্লিস্ট। ব্যস্ত হাইওয়ে ধরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি গাড়ির ভুলে সেটির পেছনের অংশে সজোরে আঘাত করেন এই মোটরসাইক্লিস্ট। তবে এ অবস্থায় অনেকটা কাকতালীয়ভাবেই রাস্তায় পড়ে না গিয়ে এক ডিগবাজিতে সোজা গাড়ির ছাদে গিয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, মোটরসাইকেলটির মতো দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটির ছাদে তিনি তার ভারসাম্য বজায় রেখে প্রথমে দাঁড়াতে এবং এরপর বসতেও সক্ষম হন। অথচ যে গতিতে বা যেভাবে দূর্ঘটনাটি ঘটেছিল তাতে করে তার এভাবে চলমান একটি গাড়ির ওপর সওয়ার হওয়া তো দূরে থাক, অক্ষত থাকাটাই মুশকিল ছিল। তবে আকস্মিক এই দূর্ঘটনার শিকার ওই ব্যক্তি যে শুধু অক্ষতই ছিলেন তা-ই নয়, বরং গাড়িটি থামার পর দিব্যি স্বাভাবিক ভাবে গাড়ির ছাদ থেকে নেমেও আসেন। এদিকে এই ঘটনাটি যে সময় ঘটে সে সময় তার ঠিক পেছনে থাকা একটি গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরার সুবাদেই পুরো ঘটনাটি রেকর্ড থেকে যায়। আর অবিশ্বাস্য এই রেকর্ডটির সুবাদেই বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে ভিডিওসহ স্থান করে নেয় ওই মোটরসাইক্লিস্টের সত্যিকারের অ্যাকশন দৃশ্যটি। দ্রুতগামী গাড়ির লেন পরিবর্তনের কারণে ঘটে যাওয়া এই দূর্ঘটনার ভিডিও ইতোমধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবেও। ভিডিওটি দেখা যাবে এই লিঙ্কে - http://www. youtube . com /watch?v=xX5lxM5cns8