সড়ক দুর্ঘটনায় নিহত ইত্তেফাক সংবাদদাতা আবু বক্কারের দাফন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২১
গত বুধবার দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি সম্মেলন শেষে বগুড়া থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইত্তেফাক-এর ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ও ফরিদপুর ইয়াছিন আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিকী’র দু’দফা জানাজা শেষে বৃহস্পতিবার ভাঙ্গুড়া উপজেলার রূপসী গ্রামে দাফন করা হয়েছে। ফরিদপুর ওয়াজিউদ্দিন খান মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান সারকার, পৌর মেয়র খ. ম. কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. গোলাম হোসেন গোলাপ, পাবনা প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, ইত্তেফাক-এর চলনবিল সংবাদদাতা মো. রুহুল আমিন, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি এম এ হাফিজ, মরহুমের সহোদর অধ্যক্ষ আব্দুস সামাদ প্রমুখ। বেলা ১১ টায় ওয়াজিউদ্দিন খান মুক্তমঞ্চ প্রাঙ্গণে নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন। এরপর মরদেহ নৌকায় ভাঙ্গুড়া উপজেলার নিজ গ্রাম রূপসীতে নেয়া হয়। সেখানে বেলা আড়াইটায় দ্বিতীয় দফা জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।