কার ঘরে উঠছে এবারের স্প্যানিশ সুপার কাপ?
ভিসেন্তে ক্যালদেরনে ফিরতি লেগের ম্যাচে এটা নিশ্চিত হবে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার প্রথম লেগের লড়াই ১-১ গোলে ড্র হওয়ায় নিজেদের মাঠে আজ দ্বিতীয় লেগে এগিয়ে থাকছে অ্যাটলেটিকো। অতিথি রিয়াল মাদ্রিদের সঙ্গে ন্যূনতম গোলশূন্য ড্র করতে পারলেই মৌসুমের শুরুতেই শিরোপা ঘরে তুলবে লা লিগা চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে নিজেদের মাঠে প্রথম লেগে ড্র করায় আজ অ্যাটলেটিকোর বিপক্ষে অবশ্যই অধিকতর ভাল কিছু করতে হবে কার্লো আনচেলত্তির দলকে।
আর এই কঠিন পরীক্ষায় আজ রিয়ালের অন্যতম ভরসা হতে হবে নবাগত তারকা হামেস রড্রিগেজকে। গত ম্যাচে রোনালদো ইনজুরিতে পড়ায় দ্বিতীয় লেগেও গোলদাতা রদ্রিগেজের ওপর বেশি ভরসা রাখছে রিয়াল। গত ম্যাচে এই কলম্বিয়ানের গোলে রিয়াল এগিয়ে গেলেও খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে রাউল গার্সিয়া গোল করলে সমতা ফেরান অ্যাটলেটিকোকে।
জেতাতে না পারলেও রিয়ালের হয়ে অভিষেক গোল করায় উচ্ছ্বাস প্রকাশ করেন রড্রিগেজ, ‘আমি খুশি। কারণ এই দিনটা ছিল আমার জন্য স্বপ্নের। আমি একটি গোল করেছি। কিন্তু আমরা জিততে চেয়েছিলাম, আমরা সেটা পারিনি। জয়টা আমাদের ধরা ছোঁয়ার মধ্যেই ছিল। এখন আমরা জয়ের জন্যই ক্যালদেরনে যাবো।’
ভিসেন্তে ক্যালডেরনে গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করার সংকল্প ব্যক্ত করেন তিনি। ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী রড্রিগেজ আরো বলেন, ‘আমাদের দৈর্য্য ধরতে হবে, ফাঁকা জায়গা খুঁজতে হবে, ভালভাবে বল পাস করতে হবে এবং ওখানে গোল করার চেষ্টা করতে হবে। আশা করি ক্যালডেরনে আমি আবার গোল করতে পারবো এবং ওখানে দলকে জেতাতে চেষ্টা করবো।’
এদিকে, প্রথম লেগে গোল করা অ্যাথলেটিকোকে শিরোপা জয়ের নিকটে নিয়ে যাওয়া গার্সিয়া বলেছেন, নিজেদের মাঠ ও সমর্থকদের সামনে তিনি এবং তার দল নৈপুণ্য দেখাতে মুখিয়ে আছে। গার্সিয়া বলেন, ‘নিজেদের মাঠে আরো একটি ম্যাচ। আমাদের ভক্তদের সামনে খেলতে এবং আরো একটি শিরোপা জিততে উদগ্রীব হয়ে আছি। সত্যি আমরা এটা করে দেখাতে চাই।’
দু’দলের আজকের এই লড়াইটাকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি হিসেবে ধরা হচ্ছে। যদিও পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ওই ফাইনালে অতিরিক্ত সময়ে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছিল অ্যাটলেটিকো। দল দু’টির সামপ্রতিক লড়াইয়েও এগিয়ে রিয়াল। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল-অ্যাটলেটিকো পাঁচটি ম্যাচ খেলেছে। এরমধ্যে তিনটিতে জয় পেয়েছে রিয়াল, বাকি দু’টি ম্যাচ হয়েছে ড্র। এই পরিসংখ্যানই আজকের লড়াইয়ে এগিয়ে রাখছে রিয়ালকে। স্প্যানিশ সুপার কাপ জিততে হলে ক্যালডেরনে আজ কমপক্ষে একটি গোল করতে হবে সপ্তাহখানেক আগে সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জেতা রিয়ালকে। তা না হলে মৌসুমে ছয় শিরোপা জয়ের লক্ষ্য থেকে ছিটকে যেতে হবে আনচেলত্তির দলকে।
