রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলে ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় দলের প্রধান কোচ ডানকান ফ্লেচারের ভূমিকা কমে আসবে—এমনটাই মনে করছিলেন অনেকে। কিন্তু এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ শাস্ত্রীই, জানালেন ফ্লেচারকে সাইডলাইনে পাঠানো হবে না।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে ভরাডুবির পর ওয়ানডে সিরিজের আগে সাবেক তারকা অল-রাউন্ডার ও টিভি ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই। সেই সঙ্গে কোচিং স্টাফ ঢেলে সাজিয়েছে তারা। ফ্লেচারের পছন্দে নিয়োগ পাওয়া বোলিং কোচ জো ডস এবং ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে বিরতিতে পাঠিয়ে সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার এবং ভারত অরুনকে সহযোগী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই। ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার পর ভারতীয় দলে নিজের ভূমিকা নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘আমার ভূমিকা হলো সবকিছু তত্ত্বাবধান করা। তাদের সবাই আমার কাছে রিপোর্ট করবে। এটা ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের জন্যই। তিনি (ফ্লেচার) প্রধান কোচ হিসেবেই বহাল থাকবেন এবং বাকি দু’জন (সঞ্জয় বাঙ্গার এবং ভারত অরুন) তার সহযোগী হবেন। ফ্লেচারকে সাইডলাইনে পাঠানো হবে না।’
এরই মধ্যে ভারত দলের অধিনায়ক ধোনি এবং কোচ ফ্লেচারের সঙ্গে কথা বলেছেন ডিরেক্টর রবি শাস্ত্রী। তার মতে, অভিজ্ঞতার অভাবেই টেস্ট সিরিজে ভারত হেরেছে। এ ক্ষেত্রে খেলোয়াড়দের লড়াই করার অক্ষমতার অভিযোগ অগ্রহণযোগ্য বলে জানান শাস্ত্রী, ‘জনগণকে বিচারমূখী হতে হবে। দীর্ঘদিন ধরে আমরা পাঁচ টেস্টের সিরিজ খেলি না। আপনি যখন ৪০ দিন ধরে পাঁচটি টেস্ট খেলবেন, তখন আপনার ফিটনেসে চাপ পড়বেই। কিন্তু এ ক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞ হন তাহলে এগিয়ে যেতে পারবেন।’
দলের খেলোয়াড়দের প্রতি শাস্ত্রীর আহ্বান, ‘আমার আহ্বান হলো-ছেলেরা নিজেদের উপভোগ করবে, মুক্তভাবে খেলবে এবং নিজেদের প্রকাশ করবে। তারা কঠোর পরিশ্রম করবে এবং আক্রমণাত্মক খেলা খেলবে।’ এদিকে, শাস্ত্রীর নিয়োগ ভারতের ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সুনীল গাভাস্কার জানিয়েছেন বিদেশের মাঠে দলের এমন বাজে পারফরম্যান্সের দ্রুত কোন সমাধান নেই। সাবেক উইকেট কিপার এবং জাতীয় দলের নির্বাচক সাঈদ কিরমানি মনে করেন, কোচরা কখনো ম্যাচ জেতাতে পারে না, ম্যাচ জেতানোর কাজ অধিনায়ক ধোনি এবং তার সতীর্থদের।
