লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স সপ্তাহ দুয়েক আগে নিজেই জানিয়েছিলেন, মারিও বালোতেল্লিকে দলে ভেড়াতে আগ্রহী নন তিনি। তবে ইংল্যান্ড এবং ইতালির মিডিয়া বলছে, প্রায় দুই কোটি ইউরোর বিনিময়ে ‘সুপার মারিও’ ডাকনামের এই এসি মিলান স্ট্রাইকার কয়েক দিনের মধ্যেই নাম লেখাচ্ছেন অল রেডসদের শিবিরে। তবে মিলানের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ট্রান্সফারের বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন তথ্য।
ইতালির স্পোর্টস চ্যানেল স্কাই ইতালিয়া বলছে লিভারপুলের দেয়া দুই কোটি ইউরোর প্রস্তাব মেনে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। ফলে, ম্যানচেস্টার সিটিতে চার মৌসুম কাটিয়ে মাত্র গত মৌসুমেই ইতালিতে ফেরা এই বিতর্কিত স্ট্রাইকার আবারো হয়তো ফিরছেন ইংল্যান্ডে। এই মৌসুমের শুরুতে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ বার্সেলোনায় নাম লেখানোয় গত কয়েক মাস ধরেই হন্যে হয়ে তার যোগ্য উত্তরসুরী খুঁজে ফিরছে লিভারপুল। প্রাথমিকভাবে মোনাকোর কলাম্বিয়ান স্ট্রাইকার র্যাদামেল ফ্যালকাওয়ের দিকে বেশ খানিকটা এগিয়ে ছিল তারা। তবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি সেটা। হামেস রড্রিগেজকে হারিয়ে অনেকটা দুর্বল হয়ে যাওয়া ফরাসি দলটি রাজি হয়নি ফ্যালকাওকে ছাড়তে। তাই শেষ চেষ্টা হিসাবে বালোতেল্লির দিকে ঝুঁকেছে রেডসরা। ইতালির হয়ে হতাশাজনক এক বিশ্বকাপ মৌসুম শেষে অনেকটা বিধ্বস্ত বালোতেল্লির জন্য একদম নতুন একটা শুরু হতে পারে ইংল্যান্ডে। জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও গত মৌসুমটা খুব একটা ভাল কাটেনি তার। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতালির ১-০ ব্যবধানে জয়ের রাতে একমাত্র গোলটি বাদে গোলের দেখা পাননি অন্য কোন ম্যাচেই। আর মিলানের হয়ে করতে পেরেছেন মাত্র ১৬ গোল।
অন্যদিকে, সিটির হয়ে প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জেতা খেলোয়াড়টি ইংল্যান্ডে মাঠের বাইরেও সব সময়ই ছিলেন ইংলিশ গণমাধ্যমের তীক্ষ নজরে। বান্ধবীসহ নিয়মিতই খবরের শিরোনাম হয়েছেন ট্যাবলয়েডগুলোর প্রথম পাতায়ও। -এএফপি
