বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ বনাম ওয়ারী ক্লাব এবং বাড্ডা জাগরণী বনাম অগ্রনী ব্যাংক এই দুইটি ম্যাচ নিয়ে পাতানো ম্যাচের অভিযোগ ছিল। খবরের সত্যতা যাচাই করতে পাতানো ম্যাচ তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বাফুফের কাছে জমা দিয়েছে। ১৬ আগস্ট বাফুফের প্রফেশনাল লিগ কমিটির বৈঠক শেষে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, যে দুটি খেলা পাতানো বলে অভিযোগ উঠেছিলো তার মধ্যে একটার প্রমাণ মিলেছে। ফরাশগঞ্জ বনাম ওয়ারী ক্লাবের মধ্যকার খেলাটি পাতানো ছিলো। এছাড়া বাড্ডা জাগরণী ও অগ্রনী ব্যাংকের মধ্যকার খেলা নিয়ে যে অভিযোগ ওঠে সেটার ব্যাপারে কোন সত্যতা পায়নি বাফুফে তদন্ত কমিটি।
পাতানো খেলায় অভিযুক্ত ওয়ারী ক্লাবকে গতকাল বৃহস্পতিবার তলব করে বাফুফের তদন্ত কমিটি। এদিন কমিটির মুখোমুখি হন ওয়ারী ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহিদুর রহমান মিরাজ, ফুটবল বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ও ক্লাবের সাধারণ সদস্য মোঃ ফরিদ। তদন্ত কমিটির জেরা শেষে মোহিদুর রহমান বলেন, ‘আমরা লিখিত ভাবে জানিয়েছি আমরা পাতানো খেলায় অংশ নেইনি।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ২৪ অক্টোবর লিগ কমিটির আরেকটি বৈঠক আছে সেদিন পাতানো ম্যাচে অভিযুক্তদের শাস্তি কি হবে তা নির্ধারণ করা হবে।
