মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের স্প্যানের নিচে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশির মরদেহ গতকাল বৃহস্পতিবার সকালে দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিন শ্রমিকের মৃতদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক জাহিদ আনোয়ার বলেন, নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের জন্য প্রত্যেকের স্বজনদের ৩৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
গত ১৮ অগাস্ট রাতে মাস র্যাপিড ট্রানজিটের নির্মাণাধীন একটি অবকাঠামোর একটি স্প্যান ভেঙে নিচে পড়লে চাপা পড়েন এই তিন বাংলাদেশি। ঐ রাতেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মোহাম্মদ এলাহী হোসেনের (২৭) লাশ উদ্ধার করেন। পরদিন দুপুরে উদ্ধার করা হয় মোহাম্মদ ফারুক খান (৩৮) ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিকের (৩৪) লাশ। এদের মধ্যে ফারুকের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বাকি দু’জনের বাড়ি পাবনায়।
