সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদেরের নেতৃত্বে এক সামরিক প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন সেনা অফিসাররা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা সেনানিবাসে সেনাসদর অফিসার্স মেসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৫ দিনে উত্থাপিত বিষয়গুলো চূড়ান্ত করাই ছিল এই আলোচনার উদ্দেশ্য।
যেসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হলো—দুই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণার্থী বিনিময়, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষক বিনিময়, প্রতি বছর উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন রাখার এবং বিভিন্ন পর্যায়ে যৌথ মহড়া, সেমিনার ও প্রশিক্ষণ পরিচালনা। এছাড়া ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (গাজীপুর)’কে আরো উন্নত ও মানসম্মত এবং একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা। অপরদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’তে একটি আধুনিক ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা এবং যৌথ জার্নাল-ম্যাগাজিন প্রকাশের ব্যাপারে তারা সম্মত হন।
প্রতিনিধি দলনেতা বাংলাদেশ থেকে অধিক পরিমাণ দক্ষ ও কারিগরি যোগ্যতাসম্পন্ন জনবল নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে তথ্য প্রযুক্তিবিদ, ডাক্তার, প্যারামেডিকস, নার্স উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, জুতা সামগ্রী নিতে কুয়েত আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান ও কুয়েত মিলিটারি কলেজের কমান্ড্যান্ট’কে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০১৪’তে আংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। —আইএসপিআর
