শুরু হলো টেলিনর ইয়ুথ সামিট

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫২
তরুণ প্রজন্মের জন্য আয়োজিত বিশ্বব্যাপী টেলিনর ইয়ুথ সামিট ২০১৪ বাংলাদেশ পর্বের আয়োজন শুরু করেছে গ্রামীণফোন। রাজধানীর এক হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেয়া হয়। ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তরুণদের সামাজিক পরিবর্তন ও সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্ভাবনী পরিকল্পনা তৈরি করতে উদ্বুদ্ধ করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ প্রতিযোগিতায় প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবনী পরিকল্পনা পরিবেশনার আহ্বান জানোনো হয়। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মো. শাহেদ বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাথমিকভাবে প্রতিনিধি দল নির্বাচন করা হবে। এ দল থেকে দ্বিতীয় পর্বে ৪টি দল বাছাই করা হবে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য। বিজয়ীরা নরওয়ের অসলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলোর সাথে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করবে। এছাড়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা অংশগ্রহণের সুযোগ পাবে বলেও তিনি জানান। সাংবাদিক সম্মেলনে প্রথম ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা টেলিনর ইয়ুথ সামিট বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী সাফা তাসনিম এবং তার বোন সামি তাহসিন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কাজী মো. শাহেদ আরো বলেন, এ দেশের তরুণরা তাদের উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে বিশ্বকে পরিবর্তনের সম্ভাবনা রাখে। টেলিনর তাদের এমন একটি সুযোগ দিচ্ছে যার মাধ্যমে তারা পুরো বিশ্বকে চমকে দিতে পারবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক উপস্থিত ছিলেন।