অশান্ত হয়ে উঠেছে ভারতের আসাম-নাগাল্যান্ড সীমান্তের গোলাঘাট এলাকা। দুই রাজ্যের সীমানায় সংঘর্ষের জের ধরে তুমুল বিক্ষোভ চলছে। গতকালও বিক্ষোভ হয়। বুধবার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে হামলা চালাতে গেলে গুলিতে তিনজন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন ছয়জন। ঘটনার পরই অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে গোলাঘাটে। তলব করা হয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, নাগাল্যান্ড সীমান্তের ওপর থেকে হামলা চালানো হলেও আসাম সরকার কোনো পদক্ষেপ নেয় না। খবর জি নিউজের।
সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ -এই অভিযোগে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। রাজ্যে শান্তি ফেরাতে কেন্দ্রের কাছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তবে রাজ্য বিজেপি আধা সামরিক বাহিনীর পরিবর্তে অশান্ত গোলাঘাটে আসাম রাইফেলস মোতায়েনের দাবি জানিয়েছে। পুলিশের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর প্রতিবাদে গতকাল আসাম গণ পরিষদের ডাকে বারো ঘণ্টার বন্ধ পালিত হয়।
