বিএনপি নেতা মুজিব ও তার ড্রাইভারের দেয়া তথ্যে গরমিল!

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৪
নিখোঁজের সাড়ে তিন মাস পর উদ্ধার পাওয়া যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক সোহেলের দেয়া তথ্যে গরমিল পেয়েছে পুলিশ। ‘অপহরণ’ বিষয়ে তারা পরস্পরবিরোধী তথ্য দিচ্ছেন বলে জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের আদালতে হাজির করে জবানবন্দি নেয়ার কথা থাকলেও তাদের আদালতে হাজির করা হয়নি। তবে দুজনকে পৃথকভাবে ‘অপহরণস্থল’ সিলেটের টুকেরবাজারসহ কয়েকটি এলাকায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, আরো তদন্তের পর তাদের আদালতে হাজির করে জবানবন্দি নেয়া হবে। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন গতকাল বিকালে ইত্তেফাককে জানান, ‘অপহরণ’ বিষয়ে তাদের দু’জনের দেয়া তথ্যের মধ্যে গরমিল থাকায় তাদেরকে নিয়ে পুলিশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছে। টুকেরবাজার স্পটে কিভাবে তাদেরকে অপহরণ করা হয় তা পুলিশ কর্মকর্তাদের তারা দেখান। গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির অনশন কর্মসূচি শেষে ফেরার পথে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক টুকেরবাজার এলাকা থেকে নিখোঁজ হন। প্রায় সাড়ে তিন মাস পর গত সোমবার সকালে ঢাকার টঙ্গীর নিকট ‘অপহরণকারীরা’ চোখ বাঁধা ও বোরকা পরা অবস্থায় তাদের ছেড়ে দেয়। পরে মুজিব তার এক আত্মীয়ের সহযোগিতায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পুলিশের একটি বিশেষ টিম বুধবার গভীর রাতে তাদের সুনামগঞ্জে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ জানান, মুজিবকে নিয়ে ঘটনাস্থল আরেকবার পরিদর্শনের পর দু’-এক দিনের মধ্যে তাকে আদালতে তোলা হবে। তিনি বলেন, মুজিবুর ও গাড়িচালক সোহেলকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে দু’জনের দেয়া তথ্যের মধ্যে বিস্তর ফারাক পরিলক্ষিত হয়েছে। মুজিব অপহরণ হয়েছিলেন, তার এই দাবির সত্যতা প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার মো.হারুনূর রশীদ বলেন, আপতদৃষ্টিতে আমাদের অনেক বিষয়ই রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে সবদিক যাচাই-বাছাইয়ের পর অনেককিছুই পরিষ্কার হয়ে যাবে।