মালির ঘাড়েই!

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পুলিশ এক আসামিকে খুঁজছেন। তিনি একটি মামলার আসামি। পুলিশের কবল থেকে দূরে থাকার জন্য পালিয়ে বেড়াচ্ছেন ওই আসামি। কিন্তু এবার তিনি আবার একটি দুর্ঘটনা ঘটিয়েছেন। তাও আবার অন্য কারো সঙ্গে নয়। পুলিশের গাড়ির সঙ্গেই! এ যেন যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হওয়ার মতোই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুরের ঘটনা। ২৪ বছর বয়সী রোমান আই রিয়াখোভসকায়া নামের এক লোক গাড়ি চালাতে গিয়ে ব্রেক ফেল করেন। তিনি একটি গাড়িকে ধাক্কা দেন। এতে ওই গাড়ির যাত্রী আহত হন। পরে জানা যায়, আহত ওই ব্যক্তি পুলিশের লোক। পুলিশ কর্মকর্তার কোন দোষ ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আর পুলিশ জানতে পারে দুর্ঘটনা ঘটানো ওই লোকটাকেই তারা খুঁজছেন। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই কর্মকর্তা আহত হলেও বের হয়ে এসে পরিস্থিতি সামাল দেন। রিয়াখোভসকায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আগেই। আর এবার তার ড্রাইভিং লাইসেন্সটিও বাতিল করা হয়েছে। হাতের নাগালে পেয়ে গ্রেফতার করা হয়েছে তাকে। অনেকে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাচ্ছেন। অথচ সামান্য দুর্ঘটনায় বেকায়দায় রিয়াখোভসকায়া। পড়বি তো পড় মালির ঘাড়ে! আর সেজন্য তাকে কঠিন পরিণতি ভোগ করতে হচ্ছে এবং হবে! কপাল খারাপ হলে যা হয়। - ইউপিআই