তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা একটি দিক নিদর্শনামূলক নীতিমালা। এ নীতিমালার আলোকে কমিশন গঠিত হবে। কমিশন আইন প্রণয়ন করবে। তবে নীতিমালার সবকিছু আইনে পরিণত হবে না। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়। এ বিষয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। যে স্বাধীনতা আপনারা ভোগ করছেন তা অবশ্যই করবেন। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতেই সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে যারা কেক কেটে আনন্দ প্রকাশ করে, তারা বাংলাদেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বলেন, সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর যে কতটা হূদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল তা বলে বোঝানো যাবে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুুরুল আহসান বুলবুল বলেন, দেশের গণমাধ্যমকে কখনো রাজনৈতিক হাতিয়ার হতে দেয়া যাবে না।
পিআইবি’র চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর।
সভায় আলোচক ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, দৈনিক সংবাদের সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহবার হাসান, বেসরকারি টেলিভিশন একাত্তরের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ। আলোচনা পর্ব শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিবেশনায় ২০ মিনিটের ‘অসমাপ্ত মহাকাব্য’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
