ফরাসি নাইট উপাধি পেলেন শিল্পী শাহাবুদ্দিন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৭
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নাইট উপাধি দিয়েছে ফ্রান্সের সরকার। চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন দেশবরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ খবর জানানো হয়। এদিকে ফরাসি সরকারের নাইট উপাধি দেয়াকে এক দারুণ খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী শাহাবুদ্দিন। ফ্রান্স থেকে গতকাল টেলিফোনে ইত্তেফাককে বলেন, অবশেষে ফরাসি সরকার এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। খুবই ভালো লাগছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা হলেও আগামী সেপ্টেম্বরে নাইট উপাধি প্রদানের অনুষ্ঠান হবে। তখনই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের প্যারিসে থাকা বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিনকে শেভালিয়র ডা এল’ওর্ডরে’তে (শিল্প ও সাহিত্যের জন্য নাইট) ভূষিত করা হয়েছে। এক অভিনন্দন বার্তায় ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী অরলি ফিলিপেত্তি বলেন, ফ্রান্সের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। শুধু ফ্রান্স নয়, সারাবিশ্বের সংস্কৃতি ও চিত্রশিল্পে তার অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ এই উপাধি দেয়া হচ্ছে। কোনো ব্যক্তি সরকারি চাকরিতে কমপক্ষে ২০ বছর বা পেশাগত কাজে ২৫ বছর যুক্ত থাকার পরই কেবল ফরাসি নাইট উপাধি পাওয়ার যোগ্য হয়। এর আগে প্রখ্যাত বাংলাদেশি মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার ফ্রান্সের নাইট উপাধি পান। উল্লেখ্য, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন শিল্পী শাহাবুদ্দিন। তার বাবা তায়েবউদ্দীন প্রধান ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মায়ের নাম সাইফুন্নেছা আহমেদ। তার স্ত্রী আনা ইসলাম কথা সাহিত্যিক ও শিল্প সমালোচক।