ফেরি কম, দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৮
ফেরি স্বল্পতায় গত তিনদিনে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার এলাকায় দুই সারিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ যাত্রীবাহী বাস নদী পার হওয়ার জন্য আটকে রয়েছে। ট্রাক চালক ছলিম মোল্যা, আবুল হোসেন জানান, মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধের সংবাদ পেয়ে এই ঘাটে এসে লম্বা সিরিয়ালে আটকা পড়ি। দুইদিন ধরে ঘাটে বসে থেকেও ফেরির নাগাল পাচ্ছি না। এছাড়া বাসের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে থাকায় তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়সূত্রে জানা গেছে, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত মঙ্গলবার ফেরি বন্ধের সংবাদ শুনে অনেকেই দৌলতদিয়া-পাটুরিয়ায় চলে আসছে। এছাড়া ফেরি স্বল্পতা তো রয়েছে। ফলে দৌলতদিয়া ঘাটে কয়েকশ’ গাড়ি আটকে রয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টায় যান্ত্রিক ত্রুটিতে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান পারাপার বন্ধ রেখেছে। বর্তমানে ৭টি বড়, ২টি মাঝারি ও ৪টি ছোট ইউটিলিটি দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। এসব কারণে দৌলতদিয়ায় কয়েকশ’ গাড়ি আটকে রয়েছে।