বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ

টিকে থাকার লড়াই আজ

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৮
আজ বাংলাদেশের মাঠে নামার কথা ছিল সিরিজ জেতার জন্য। অন্তত সেভাবেই প্রথম ম্যাচের বেশিরভাগ সময়টা কেটেছিল। কিন্তু দুর্ভাগ্যচক্রে সেই বাংলাদেশকে আজ মাঠে নামতে হবে সিরিজে টিকে থাকার জন্য। আজ জিতলে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাতে পারবে, এমন চ্যালেঞ্জ নিয়ে একই ভেন্যু গ্রেনাডা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ও স্থানীয় সময় সকাল নয়টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন। সিরিজের প্রথম ম্যাচে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে মাঝারি মানের পুঁজি গড়তে পারলেও বোলাররা ক্যারিবীয়দের ৩৫ রানে ৫ উইকেট ফেলে দিয়ে খেলা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন। কিন্তু কিয়েরন পোলার্ড ও দিনেশ রামদিনের পাল্টা আক্রমণে বাংলাদেশ সে ম্যাচ হেরে যায়। বাংলাদেশের তরফে এই ম্যাচে খুব বড় আফসোস ছিল, দলে কোন বাঁহাতি স্পিনার না থাকা। দুই-তিন জন বাঁহাতি স্পিনার নিয়ে নিয়মিত ওয়ানডে খেলা বাংলাদেশ এক যুগেরও বেশি সময় পর গত ম্যাচে প্রথম কোন বাঁহাতি স্পিনার ছাড়া খেলতে নেমেছিল। তিন পেসার নিয়ে মাঠে নামার পর কার্যত ধীরগতির উইকেট দেখে আফসোসই করেছে বাংলাদেশ। এই আফসোস দূর করতে আজ স্কোয়াডে ফিরতে পারেন আব্দুর রাজ্জাক ও মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো বটেই, বাংলাদেশের ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার রাজ্জাক ফিরলে বাংলাদেশের বোলিং আক্রমণ যে আরও বৈচিত্র্যময় হবে তাতে সন্দেহ নেই। মুমিনুলও তার বাঁহাতি স্পিন দিয়ে অংশীদার হতে পারেন এই বৈচিত্র্যে। তবে মুমিনুলের ফেরার মূল কারণ হবে তিন ও চারে ইমরুল কায়েস ও সামসুর রহমান শুভর ব্যর্থতা। ইমরুলকে ওয়েস্ট ইন্ডিজে রেকর্ডের কারণেই আরও সুযোগ দেয়ার সম্ভাবনা আছে। তবে সামসুর যে মুমিনুলের কাছে জায়গা হারাচ্ছেন, এটা একরকম নিশ্চিত। দল জিতলেও কিছু পরিবর্তন আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ দলেও। সদ্য সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি ফিরতে পারেন একাদশে। তবে উইন্ডিজের পরিবর্তন যাই হোক, বাংলাদেশের লক্ষ্য নিশ্চয়ই সিরিজে সমতা ফেরানো।