মানবদেহে ডায়াবেটিস তৈরি হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত হওয়ায়, ওষুধের মাধ্যমে এ রোগ থেকে পূর্ণ আরোগ্য পাওয়ার সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার খবরে বলা হয়, একটি হরমোনের বিষাক্ত জমাট (ক্লাম্প) ইনস্যুলিন তৈরিকারী কোষ (সেল) বন্ধ করে দেয়। এর ফলে মানবদেহে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস একই কারণে হয়ে থাকে বলে ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন।
বিজ্ঞানীদের গবেষণার ফলাফল বলছে, টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস হয় যখন মানবদেহে অ্যামিলিন হরমোন, আশেপাশের কোষ একসঙ্গে জমাট বেঁধে যায় এবং ইনস্যুলিন উত্পাদনে বাধা সৃষ্টি করে।
রক্তপ্রবাহ থেকে পেশীতে সুগার সরবরাহ করতে এবং ফ্যাটি টিস্যু সরাতে ইনস্যুলিন জরুরি। কিন্তু এর মাত্রা কমে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়, যা হার্ট, কিডনী, চোখ ও স্নায়ুর ক্ষতি করে। বিজ্ঞানীরা বলছেন, এই নতুন গবেষণার ফল এমন একটি ওষুধ আবিষ্কারের পথ বের করবে, যা শরীরে প্রাথমিক অবস্থায় অ্যামিলিন তৈরি বন্ধ করবে অথবা জমাট বাঁধা অ্যামিলিন সরিয়ে দেবে। বিজ্ঞানীদের আশা, আগামী দুই বছরের মধ্যে ডায়াবেটিস স্থায়ীভাবে দূর করার ওষুধ পরীক্ষামূলকভাবে ক্লিনিকে দেয়া যাবে। সবার আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ডায়াবেটিসের ওই ওষুধটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) করা হবে।
ডা. আলাসডাইর র্যানকিন বলেন, ডায়াবেটিসের জন্য অ্যামিলিন নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা হচ্ছে। টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসের মধ্যে ভিন্নতা রয়েছে। অনেকেই বলছে টাইপ-১ এর জন্য যেসব কারণ দায়ী তার মধ্যে অ্যামিলিন রয়েছে।
বর্তমানে ব্রিটেনে ৩০ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত। ২০২৫ সালে এ সংখ্যা ৫০ লাখে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
