আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে মিলবে ৩শ কোটি ডলার!

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২৩:০১
আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে বাংলাদেশকে ২০০ থেকে ৩০০ কোটি মার্কিন ডলার তুলে দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গোল্ডম্যান স্যাক্সের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠককালে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, গোল্ডম্যান স্যাক্সের প্রতিনিধিরা প্রস্তাব দিয়েছেন, তারা ২০০ থেকে ৩০০ কোটি ডলার তুলে দিতে পারে। প্রকল্পভিত্তিক হলে সময় লাগবে, তবে ‘অল পারপাস লোন’ হলে তিন মাসের মধ্যেই এ অর্থ সরবরাহ করা সম্ভব। সুদের হার ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত হতে পারে। তারা ৫শ’ কোটি ডলার পর্যন্ত তুলে দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে এ প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বন্ড মাকের্ট থেকে টাকা নিতে হলে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংকের সাথেও আলোচনা করার প্রয়োজন রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন। গোল্ডম্যান স্যাক্সের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানের হংকং কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জোনাথন ডান ও পল এস রোজ এবং লন্ডন কার্যালয়ের কর্মকর্তা রায়াদ ইউসুফ।