উখিয়ায় বৌদ্ধ ভিক্ষুদের মানববন্ধন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২৩:০২
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কক্সবাজারের উখিয়া ভিক্ষু সংঘ আয়োজিত মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তারা বলেছেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বিমান ও রকেট হামলা চালিয়ে যেভাবে ছোট ছোট ছেলেমেয়েদের হত্যা করে তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। গতকাল বৃহস্পতিবার বিকালে উখিয়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা আরো বলেন, ফিলিস্তিনি নর-নারী, শিশুদের উপর নগ্ন হামলার কারণে ইসরাইল সারা বিশ্বব্যাপী সামপ্রদায়িক সমপ্রীতির উপর আঘাত হেনেছে। বক্তারা অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। পথসভায় বক্তব্য রাখেন রামু রামপুর বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক জ্যোতিসেন ভিক্ষু, উখিয়ার রত্নাপালং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি আশ্চার্য ভিক্ষু, এডভোকেট অনিল বড়ুয়া, নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়ুয়া। মানববন্ধন শেষে বৌদ্ধ ভিক্ষু সমপ্রদায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে।