ওয়াশিংটনে নিশা দেশাই ও জিয়াউদ্দিনের বৈঠক

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:০১
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়ালের মধ্যে স্থানীয় সময় বুধবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিশা দিশাই রাষ্ট্রদূত জিয়াউদ্দিনকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার কর্মভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোতে বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে গড়ে ওঠা সুদৃঢ় দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন এক উচ্চতায় উন্নীত হবে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ অভ্যর্থনার জন্য মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। হূদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্যমূলক এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়। গ্রেনেড হামলার দশম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা-দোয়া ইতিহাসের ভয়াবহ ও বর্বোরোচিত ২১ আগস্টের গ্রেনেড হামলার দশম বার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। দিবসটির তাত্পর্য তুলে ধরে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য সেদিন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করেছিল, মূলত মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নেতৃত্বশূন্য করতে। ঘৃণ্য এই হামলার সঙ্গে জড়িতদের তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি শিগগির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আলোচনায় মিশনের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান। গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন।