অপহরণের ৬ দিন পর হোমনা উপজেলার ওমরাহবাদ গ্রাম থেকে অপহূত শিশু শাহজালালকে (৪) বৃহস্পতিবার রাতে ঢাকার তেজগাঁও শিশু সদন থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত থাকার অভিযোগে উপজেলার নিলখি গ্রামের নূরু মিয়ার ছেলে কবিরকে (৩৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত স্বপন মজুমদার জানান, ওমরাহবাদ গ্রামের সৌদি প্রবাসী মো. রফিকুল ইসলামের শিশুপুত্র গত ১৫ আগস্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ১৭ আগস্ট অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হোমনা থানায় মামলা করে।
শিশুর পিতা রফিকুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট তিনি সৌদি আরবে ছিলেন। ঐ রাতে তার স্ত্রী তাকে ফোনে জানায় তাদের শিশুপুত্র শাহজালালকে কোথাও পাওয়া যাচ্ছে না। ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ২০ আগস্ট তড়িঘড়ি করে দেশে আসেন। পরে বৃহস্পতিবার বিকালে তার মোবাইলে অপরিচিত ব্যক্তি ফোন করে জানায় তার ছেলে মিরপুর চিড়িয়াখানায় আছে। শিশুর পিতা আরো জানান, খবর পেয়ে আমরা দ্রুত মিরপুর চিড়িয়াখানায় গেলে সেখানকার লোকজন আমাদেরকে শাহআলী থানায় যেতে বললে আমরা থানায় যাই। থানা থেকে জানানো হয় শিশুটি তেজগাঁও শিশু সদনে রাখা হয়েছে। পরে সেখান থেকে রাতে তাকে নিয়ে আসি। থানার ওসি তদন্ত জানান, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
