দৈনিক ইত্তেফাকের রাজশাহী অঞ্চলের স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের এক প্রতিনিধি সভা গত বৃৃহস্পতিবার মহানগরীর একটি রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়। রাজশাহীর স্টাফ রিপোর্টার মোঃ আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের কালেকশন ম্যানেজার (ইনচার্জ) মোঃ আসাদুজ্জামান, অডিটর শেখ মুনির আহমেদ ও সার্কুলেশন বিভাগের মোঃ আনিসুর রহমান।
সভার শুরুতে গত বুধবার বিকালে বগুড়ার শেরপুরের ধনকুন্ডি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাবনার ফরিদপুর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় ইয়াসিন আলী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল আবু বকর সিদ্দিকের (৪৫) আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর ৪ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় পত্রিকা সংশ্লিষ্ট এবং সামপ্রতিক বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
