দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুই স্কুল শিক্ষক নিহত
বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বিকাল সাড়ে চারটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুত্ কেন্দ্রের সামনে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল এবং একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা।
হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত এক
হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে কাভার্ড ভ্যানের চাপায় সাব্বির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছে আরও দুইজন। বুধবার বিকালে বালিখাল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মৃত মোতাবিব্বর হোসেনের ছেলে।
বানিয়াচং থানার এসআই (উপ-পরিদর্শক) ফিরোজ আল মামুন জানান, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বালিখাল এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন নিহত হন।
শিবালয়ে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত এক
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ওমর আলী নিহত হয়েছে। নিহত ওমর আলী উপজেলার উথুলী এলাকার হামেদ আলীর ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই মো. আমীর হোসেন জানান, গুরুতর আহত সিএনজি চালককে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রাভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
যশোরে মোবাইল ফোন রিচার্জের দোকানি খুন
যশোরে পূর্বশত্রুতার জের ধরে এক মোবাইল ফোন রিচার্জের দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বড়বাজার মাছ বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পাপ্পু হোসেন বাবু (১৮) শহরতলী শেখহাটি বাবলাতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে। হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপু আরও তিন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে বাবুর ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে তার বড় ভাই দিপু এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মনিরুজ্জামান লর্ড বাবুকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।
গলাচিপায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপার গুরিন্দা খাল থেকে বৃহস্পতিবার জিহাদ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিহাদ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী আহসাফিয়া কেরামতিয়া হাফেজি মাদ্রাসার নজরানা শ্রেণির ছাত্র ছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিহাদের চাচাতো ভগ্নিপতি সোহাগ সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকাবাসী বৃহস্পতিবার গুরিন্দা খালে জিহাদের লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
