নোভাক জোকোভিচকে ইউএস ওপেন জয়ের দৌড়ে রজার ফেদেরারের চেয়ে এগিয়ে রাখছেন টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরো। গতকাল ঘোষিত টুর্নামেন্টের বাছাইতেও পুরুষ এককে শীর্ষ বাছাইয়ের স্বীকৃতি পেয়েছেন জোকোভিচই। অন্যদিকে, গত সপ্তাহে সিনসিনাটি মাস্টার্স জিতে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ইউএস ওপেন খেলতে আসা রজার ফেদেরার আছেন দ্বিতীয় স্থানে। আগামী ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে মহিলা এককের শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন সেরেনা উইলিয়ামস। মারিয়া শারাপোভা পেয়েছেন পঞ্চম বাছাইয়ের মর্যাদা।
ফ্লাশিং মিডোতে অতীত রেকর্ড কিংবা হার্ড কোর্টে চলতি মৌসুমে পারফরম্যান্স বিচারে নি:সন্দেহে জোকোভিচের চেয়ে এগিয়েই থাকবেন ফেদেরার। উইম্বলডনের ফাইনালে জোকোভিচের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান এই সুইস। কানাডার টরেন্টোতে রজার্স কাপের ফাইনালে অপ্রত্যাশিতভাবে জো উইলফ্রেড সোঙ্গার কাছে হেরে গেলেও জয় পান নিজের সর্বশেষ টুর্নামেন্ট সিনসিনাটি মাস্টার্সে। ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে ঐ টুর্নামেন্টে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জেতেন তিনি।
অন্যদিকে, রজার্স কাপের তৃতীয় রাউন্ডে সোঙ্গার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নেন জোকোভিচ। আর সিনসিনাটি ওপেনেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন। জোকোভিচের ফর্ম এবং কব্জির চোটের কারণে শিরোপাধারি রাফায়েল নাদালের অনুপস্থিতিতে অনেকের চোখেই এবারের আসরের সবচেয়ে বড় ফেভারিট ফেদেরার। দীর্ঘ দুই বছরের বিরতি শেষে এই সুপারস্টার ক্যারিয়ারের অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম জিততে যাচ্ছেন বলে বিশ্বাস অনেকেরই।
তবে তারপরও ম্যাকেনরো সামান্য ব্যবধানে এগিয়ে রাখছেন জোকোভিচকেই। এখন পর্যন্ত একবারই মাত্র ফ্লাশিং মিডোতে শিরোপায় হাত ছোঁয়ানো এই সার্বিয়ানকে নিয়ে বাজি ধরার কারণও ব্যাখ্যা করেছেন ম্যাকেনরো। এই আমেরিকান বলেন, ‘রাফায়েল নাদালের অনুপস্থিতি নি:সন্দেহে তার (জোকোভিচ) জন্য বিশাল ইতিবাচক একটা ব্যাপার। কারণ, রাস্তার শেষ দিকে কঠিন প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হত সে। আমি জোকোভিচকে সামান্য ব্যবধানে এগিয়ে রাখবো। সে তরুণ এবং তার ক্ষীপ্রতা বেশি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হয়তো রজারের জন্য ব্যাপারটা কিছুটা কঠিন হবে। তবে আমি আবারো বলছি ব্যবধানটা খুবই সামান্য।’
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী ম্যাকেনরো আরো বলেন, ‘তবে তারা (টুর্নামেন্টের) কোন পর্যায়ে মুখোমুখি হচ্ছে সেটাও দেখতে হবে। আগের ম্যাচগুলোয় কোন প্রতিপক্ষের সাথে তাদের মোকাবেলা করতে হয়েছে এবং তার কতটুকু শক্তি অবশিষ্ট আছে; এসবও বিবেচনা করতে হবে।’
এই টুর্নামেন্টের মাধ্যমে অ্যান্ডি মারে আবারো শিরোপার লড়াইয়ে ফিরতে পারবেন বলে বিশ্বাস ম্যাকেনরোর। র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও, নাদালের অনুপস্থিতিতে অষ্টম বাছাইয়ের মর্যাদা পেয়েছেন এই ব্রিটিশ। উল্লেখ্য, টুর্নামেন্টের ২০১২ আসরের এই শিরোপাজয়ী গত বছরের শেষ থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন।
বাছাইয়ে তৃতীয় স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী স্তানিস্লাস ওয়াওরিঙ্কা। চতুর্থ স্থানে আছেন স্প্যানিয়ার্ড ডেভিড ফেরার। কানাডার মিলোস রায়োনিক আছেন পঞ্চম স্থানে। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ পেয়েছেন সপ্তম স্থান।
অন্যদিকে, গত বছর সিনসিনাটিতে নিজের প্রথম শিরোপা জেতা সেরেনার এবারও পেয়েছেন শীর্ষ বাছাইয়ের মর্যাদা। তার পরের দুটি স্থানে আছেন যথাক্রমে ফ্রেঞ্চ ওপেন রানারআপ সিমোনা হালেপ এবং উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা ভিতোভা। ষষ্ঠদশ স্থান পেয়েছেন চোট জর্জর একটি বছর কাটানো ভিক্টোরিয়া আজারেঙ্কা। ওয়েবসাইট/ বিবিসি
