সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রিকে টিম ইন্ডিয়ার ডিরেক্টর নিয়োগ দেয়ার একদিন পর নিজের বিস্ময় প্রকাশ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সাবেক কমিশনার লোলিত মোদি বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি অথবা রাহুল দ্রাবিড়ের মতো আরো অভিজ্ঞ কাউকে নিয়োগ দেয়া উচিত ছিল। নিজের টুইটার একাউন্টে মোদি বলেন, টেস্টের আগে দ্রাবিড়কে নিয়োগ দেয়া হলে দলের উপর ভাল প্রভাব পড়তো। সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের কাছে ভারতীয় দলের পর্যুদস্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই। প্রথম দুই ম্যাচ শেষে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন ম্যাচ জিতে ৩-১ ব্যাবধানে সিরিজ নিজেদের করে নেয়।
