অবসর ভেঙ্গে ফিরে আসার পর সময় যত গড়াচ্ছে ততই উজ্জ্বল হচ্ছে মাইকেল ফেলপসের আরেকটি অলিম্পিকে খেলার স্বপ্ন। অলিম্পিকের গতিপথ নির্ধারক টুর্নামেন্ট বলে পরিচিত প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলের চূড়ান্ত পর্বে পৌছে গেছেন ফেলপস। হিটে দুর্দান্ত লড়াই শেষে এই ইভেন্টের অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন দুই প্রতিযোগীর ঠিক পেছনে থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেন ফেলপস।
এই ইভেন্টের দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন জেমস ম্যাগানসেন ফেলপসের ঠিক সামনে থেকে হয়েছেন দ্বিতীয়। আর লন্ডন অলিম্পিকে তাকে এক সেকেন্ডের ১০০ ভাগের একভাগ সময়ে পেছনে ফেলে স্বর্ণ জেতা নাথান আদ্রিয়ান হয়েছেন প্রথম। এবার ব্যবধান ছিল সেকেন্ডের বিশ ভাগের একভাগের। অন্যদিকে, আদ্রিয়ানের চেয়ে প্রায় আধ সেকেন্ড বেশি, ৪৮.৪৫ সেকেন্ডে সময় নিয়েছেন ফেলপস। নাথানের সময় লেগেছে ৪৮.০৫ সেকেন্ড। গত মাসে ইউএস চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার ভুলে অনেকটাই ঘুরে দাঁড়ালেন ফেলপস। ১৮টি অলিম্পিক স্বর্ণ জিতে সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিয়ান হিসাবে ইতিহাসে স্থান করে নেয়া ফেলপস দারুণ খুশি নিজের পারফরম্যান্সে। ২৯ বছর বয়সী এই আমেরিকান বলেন, ‘(কোচ) বব বোম্যান এবং আমি গত কয়েকদিন স্টোক নিয়েই আলোচনা করেছি। আজ (গতকাল) আমি অনেকটা সহজে কাজটা করতে পেরেছি। প্রথম ৫০ মিটার আমি ভালভাবেই সাতরেছি কারণ আমি জানতাম ফাইনালে যেতে হলে আজকের হিটে জেতার কোন বিকল্প নেই। আমি আসলে নিজের শক্তিটাকে কাজে লাগাতে পেরেছি। ভাল করতে যার কোন বিকল্প নেই।’
এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাগানসেন বলেছেন সত্যি কথাটাই। অস্ট্রেলিয়ান সাতারের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকাটি বলেছেন, ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ যেই জিতুন না কেন তাকে দেখাতে হবে বছরের সেরা পারফরম্যান্সটাই। পিঠের সমস্যায় মৌসুমের অনেকটা অংশ ভুগতে বাধ্য হওয়া ম্যাগানসেন বলেন,‘ আমি আত্মবিশ্বাসী নিজের দিনে যে কাউকেই হারাবার ক্ষমতা আছে আমার। সুতরাং চ্যালেঞ্জটা নিতে আমি আগ্রহী। আমার বিশ্বাস জিততে হলে ৪৭ সেকেন্ডের কাছাকাছি সময় নিতে হবে। আমাদের বেশ কয়েকজনই সেটা করতে সক্ষম।’ এ বছর ম্যাগানসেন এবং তার স্বদেশী অস্ট্রেলিয়ান ক্যামেরন ম্যাকভয় ৪৭ সেকেন্ডে সাতার শেষ করতে পেরেছেন। তবে মৌসুম সেরা স্কোরটি ব্রাজিলিয়ান সিজার সিয়েলোর, ৪৬.৯১।
অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রায় দুই বছর পরে গত এপ্রিলে আবার পুলে নেমেছিলেন রেকর্ড ১৮টি অলিম্পিক স্বর্ণের গর্বিত মালিক ফেলপস। কিন্তু কোন পদক ছাড়াই চলতি মাসের ইউএস চ্যাম্পিয়নশিপ শেষ করে সমর্থকদের হতাশ করেন তিনি।
তবে ২৯ বছর বয়সী এই তারকা জানিয়েছিলোন, সেরা ফর্মে ফিরতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করছেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পরে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপই ফেলপসের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। গত বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হওয়া চারদিনব্যাপী প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সর্বকালের সেরা এই অলিম্পিয়ান ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ১০০ মিটার বাটারফ্লাইয়েও প্রতিদ্বন্দ্ব্বিতা করবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জনের শক্তিশালী যুক্তরাষ্ট্র দলে আরো রয়েছেন রায়ান লোকটে, মিসি ফ্র্যাংকলিন এবং ক্যাটি লিডিসকি।
গত সপ্তাহে ঘরোয়া জাতীয় আসরে দ্বিতীয় রৌপ্য পদক জিতে ২২টি অলিম্পিক পদকের মালিক ফেলপস প্যান প্যাসিফিক টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের দলে জায়গা নিশ্চিত করেন। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ডধারী লোকটের থেকে ০.০৫ সেকেন্ড পিছিয়ে থেকে তিনি দ্বিতীয় হন। পুলে আবার ফেলপস স্বমহিমায় ফিরে আসবেন বলেই আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেছেন ফেলপসের দীর্ঘদিনের সতীর্থ লোকটে। -এএফপি
নিউ হ্যাভেনের সেমিতে ভিতোভা
ডব্লিউটিএ নিউ হ্যাভেন হার্ডকোর্ট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা। গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ভিতোভা ৬-৪, ৬-৩ গেমে স্বদেশী বারবোরা জালাভোবা স্ট্রাইকোভাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। আগামী সোমবার শুরু হওয়া ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এ টুর্নামেন্টে কেভিতোভা এখন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সামান্তা স্টসারকে মোকাবেলা করবেন। স্টসার ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেনসকে পরাজিত করেন। ২০১২ সালে নিউ হ্যাভেনের শিরোপা জয়ী দ্বিতীয় বাছাই কেভিতোভা বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনের তৃতীয় বাছাই হিসেবে খেলবেন। ফ্লাসিং মিডোসে আগামী সপ্তাহে নিজের প্রথম ম্যাচে তিনি বিশ্বের ৭৩ নম্বর খেলোয়াড় ফ্রান্সের ক্রিস্টিনা এমলাডেনোভিচের বিপক্ষে খেলবেন। একই দিন স্লোভাকিয়ার ম্যাগডালেনা রিবারিকোভাও সেমিফাইনালে উঠেছেন। রিবারিকোভা ৭-৫, ০-৬, ৬-৪ গেমে আমেরিকার আলিসন রিস্কেকে পরাজিত করে এখন ইতালির ক্যামিলা গিওর্গির বিরুদ্ধে খেলবেন।
