নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪০
গতকাল শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের বড়ইতলায় বাস-লেগুনা সংঘর্ষে দুই সহোদর ভগ্নীসহ ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। টাঙ্গাইল জেলার ঘাটাইলে বাস-টেম্পো সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়া দেশের আরো ৭টি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ জন। আহত হয়েছে ৪০ জন। খবর ইত্তেফাকের নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতাদের। নরসিংদী প্রতিনিধি:গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ী ও পুরিন্দার মাঝামাঝি বড়ইতলা নামকস্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুই সহোদর বোনসহ ৫ জন নিহত এবং অন্ততঃ ১৪ ব্যক্তি আহত হয়েছে। নিহতরা হচ্ছেঃ মাধবদীর নোয়াপাড়ার খোরশেদ আলমের স্ত্রী স্বপ্না (২২) এবং আজিজুল হকের স্ত্রী বিলকিস (২৫)। অপর একজন অজ্ঞাতনামা মহিলা (৬০)। স্বপ্না ও বিলকিস আপন দুই বোন বলে জানা গেছে। এদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। অজ্ঞাতনামা দুই যুবকের মধ্যে একজনের লাশ কাঁচপুর হাইওয়ে পুলিশের হেফাজতে এবং আরেকজনের লাশ আড়াইহাজার হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই সংকটাপন্ন। এদের মধ্যে আব্দুর রহমান (২৮) এবং আব্দুর রশিদ এই দুইজনের নাম জানা গেছে। বেলা সাড়ে ১২ টায় ‘মেঘালয় পরিবহনে’র যাত্রীবাহী বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবার সময় বড়ইতলা নামক স্থানে পৌছলে মাধবদী থেকে যাত্রীবাহী একটি লেগুনার সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের আর্তচিত্কারে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন নরসিংদী ও মাধবদীসহ বিভিন্ন স্থানে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: ঘাটাইলের দেউলাবাড়ীতে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের দেউলাবাড়ীতে টাঙ্গাইলগামী ‘প্রান্তিক পরিবহনের’ একটি বাসের সাথে মধুপুরগামী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হয়। নিহতরা হল মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রওশানারা (৩৫) এবং তার মেয়ে মীম (৭)। অপরজন গোপালপুর উপজেলা ধোপাকান্দী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হেদায়েত উল্লাহ (৩২)। নড়াইলে নিহত ১, আহত ৪০ নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শমসের মোল্লা (৭৫) নামে একজন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। নিহত শমসের মোল্লার বাড়ি নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায়। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস যশোর সদর উপজেলার বাঁশভিটা নামক স্থানে পৌঁছলে একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক অসীম সরকার (৪৫), শিক্ষক সুরঞ্জন বিশ্বাস (৪৫), জাহিদ হাসান (২৫), সুলতা (৫০), বর্না (২৪), ফারহানা (২৫), ফাতেমা (৩০), সুজাতা (৫০), বন্যা (৪০), শিমুল (৩০), জিল্লু (৩০), সামসুন্নাহার (৫০), আশা (৫০), জিয়াউর রহমানকে (৩০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। নড়াইল সদর থানার এসআই আমির হোসেন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিত্সা দেয়া হয়েছে। জয়পুরহাটে সিপাহী নিহত, এসআই আহত পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, গতকাল জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ও সিপাহী আখতারুজ্জামান পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেলযোগে শালাইপুর যাওয়ার পথে দুপুরে পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা নামক স্থানে শ্যালোচালিত ‘অটোরিক্সার’ সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি থানায় পৌঁছলে প্রথমে আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে সিপাহী আখতারুজ্জামান মরা যায়। জয়পুরহাট পুলিশ লাইনে জানাযা শেষে সিপাহীর লাশ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লক্ষ্মীপুরে স্কুল ছাত্র নিহত লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলা শহরে সড়ক দুর্ঘটনায় শুক্রবার স্কুল ছাত্র ফয়েজ আহম্মদ নিহত হয়েছে। সে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়েল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কার্যালীপুর গ্রামে তার বাড়ি। সে পিতা-মাতার একমাত্র ছেলে। শহরের রামগতি সড়কে মিলেনিয়াম হাসপাতালের সামনে একটি অটোরিকসা চাপা দিলে ফয়েজ মারাত্মক আহত হয়। চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ শুক্রবার তার মৃত্যু হয়। সীতাকুণ্ডে মোটরসাইকেল চালক নিহত সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌরসদরস্থ উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী কাভার্ডভ্যান পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল চালক মোঃ নুরুল আলম (৩৭) ঘটনাস্থলে মারা যায়। বাড়বকুণ্ড ইউনিয়নস্থ আলী চৌঃ পাড়া গ্রামের মৃত জানে আলম চৌধুরীর ছেলে এবং ৩ সন্তানের জনক তিনি। গাইবান্ধায় মহিলা নিহত গাইবান্ধা প্রতিনিধি জানান, রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকায় শুক্রবার বিকালে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক মহিলা (৫৫) নিহত হয়েছে। চৌদ্দগ্রামে নিহত ১ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পারভেজ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাহাব উদ্দিন জানান, পারভেজ সৈয়দপুর এলাকায় ফোরলেনের উপর গাড়ি মেরামত কাজ করছিল। পার্বতীপুরে ছাত্রের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, শুক্রবার বিকেল পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চলন্ত মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সীমানা পিলারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে পার্বতীপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাসুম আল মিথুন(১৬)। মোটরসাইকেল আরোহী অপর দুই বন্ধুকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পূর্বে অপর দুই বন্ধুকে নিয়ে মিথুন মোটর সাইকেলযোগে পার্বতীপুর টার্মিনালের দিকে যাচ্ছিল। গতি খুব বেশি ছিল এবং সে মোবাইল ফোনে কথা বলছিল। মিথুন এবারে পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পার্বতীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মমিনুর রহমানের ছোট ছেলে।