ইরাকের সুন্নিপন্থী একটি মসজিদে শিয়াপন্থীদের হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। দেশটির দিয়ালা প্রদেশের বাকুবা শহরের মসজিদে এই হামলা চালানো হয়। এই হামলা দেশটিতে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আলজাজিরা ও এপি’র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বন্দুকধারীদের একটি দল মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। তবে সেনা এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের ইমাম ওয়েজ গ্রামের মুসাব বিন ওমর মসজিদের ভেতর প্রথমে আত্মঘাতী হামলা চালানো হয়। এরপর মুসল্লিদের দিকে এলোপাতাড়ি গুলি চালানো হয় যাতে হতাহতের সংখ্যা বাড়ে।
এই গ্রামটির নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কয়েকদিন আগে শিয়াদের একটি অনুষ্ঠানে হামলা চালায় সুন্নিপন্থীরা। এই হামলা ওই হামলার প্রতিশোধমূলক হতে পারে। ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি শিয়াপন্থী। তিনি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন।
দেশটির অনেকাংশ এলাকা এখন সুন্নিপন্থী আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে যাদের দমন করতে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
