লোকসভায় বিরোধী দলীয় নেতা কে -মোদীর সরকারের কাছে তা জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিরোধী নেতার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী? অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকারের কাছে তার উত্তর চেয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গণতন্ত্রের ক্ষেত্রে বিরোধী দলনেতার উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। এমনকি লোকপাল গঠনে যে মনোনয়ন কমিটি রয়েছে, তাতেও বিরোধী দলনেতার উপস্থিতির কথা বলা হয়েছে। খবর জি নিউজের।
সুপ্রিম কোর্টের মতে, বিরোধী দলনেতাই পার্লামেন্টে বিরোধী স্বর। তাই এই পদের গুরুত্ব কোনওমতেই অস্বীকার করা যায় না। সংসদীয় রীতি অনুসারে কোনও দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে মোট আসন সংখ্যার দশ শতাংশ আসন পেতে হবে। লোকসভার ক্ষেত্রে এই আসন সংখ্যা ৫৪। কিন্ত গত নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। তাই কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দিতে নারাজ বিজেপি। একটি আইনকে হাতিয়ার করে কংগ্রেসের পাল্টা দাবি, সংসদে দ্বিতীয় বৃহত্তম দলই বিরোধী দলের মর্যাদা পাওয়ার যোগ্য। ধারণা করা হচ্ছে, বিষয়টিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় এই বিতর্কের অবসান হবে।
